কমতে শুরু করেছে আলুর দাম। এক মাসের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম প্রায় অর্ধেক কমেছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজধানীর কাঁচাবাজারগুলোতে যে আলু সর্বোচ্চ ৪০ টাকা কেজি বিক্রি হয়েছিল, তা গতকাল শনিবার নেমেছে সর্বনিম্ন ১৮ টাকায়।
বিক্রেতারা বলছেন, নতুন আলুর সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। নতুন আলু বাজারে আসার পাশাপাশি পুরোনো আলুর সরবরাহও কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, পুরোনো আলুর মজুত গত মাসেই ফুরিয়ে গেছে। একদিকে পুরোনো আলুর সরবরাহ কমেছে, অন্যদিকে নতুন আলুর সরবরাহ চাহিদা অনুযায়ী বাড়েনি। ফলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে বাজারে আলুর দাম বাড়তে শুরু করে। এখন সরবরাহ বাড়ায় এক সপ্তাহ ধরে দাম কমতে শুরু করেছে।
এদিকে কিছুটা বিলম্বে হলেও ভোজ্যতেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমেছে। তবে চিনির দাম কিছুটা বাড়তি। বিক্রেতারা বলছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চিনির ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করায় দাম বেড়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল প্রতি কেজি আলু ১৮-২০ টাকায় বিক্রি হয়। আবার কেউ একসঙ্গে পাঁচ কেজি বা এক পাল্লা আলু কিনলে সে ক্ষেত্রে দাম পড়ছে আরও কম। প্রতি পাল্লার দাম ৮০ টাকা, সেই হিসাবে প্রতি কেজির দাম পড়ছে ১৬ টাকা। তবে মিরপুরের কাজীপাড়া ও রামপুরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৫-৩০ টাকায়। অবশ্য এই দুটি বাজারের কাছেই ভাসমান সবজি বিক্রেতাদের ২০ টাকা কেজিতে আলু বিক্রি করতে দেখা গেছে। আবার সুপারশপ স্বপ্নতে গতকাল প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৭ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, মাস খানেকের মধ্যে এ দাম আরও কমতে পারে।
এদিকে উত্তরবঙ্গের সবজির অন্যতম বড় মোকাম বগুড়ার মহাস্থান হাটে গতকাল প্রতি মণ গ্র্যানুলা জাতের আলু বিক্রি হয়েছে ৩২০ টাকায় আর পাকরি বা লাল আলু বিক্রি হয়েছে ৪৫০ টাকায়। সেই হিসাবে প্রতি কেজি আলুর পাইকারি দাম দাঁড়ায় সাড়ে ৮ থেকে ১২ টাকা। অথচ এক মাস আগেও দাম ছিল মণপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা।
মহাস্থান হাটে আলু বিক্রি করতে আসা চাষিরা বলছেন, দাম নিয়ে এখন পর্যন্ত তাঁরা খুশি। তবে ফেব্রুয়ারি-মার্চে আলুর মূল ফলন উঠতে শুরু করলে দাম আরও কমে যেতে পারে। তখন চাষিরা কত দাম পাবেন, তার ওপর নির্ভর করছে তাঁদের লাভ-লোকসানের বিষয়টি।
মহাস্থান কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি না থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেটের সরবরাহ-প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।
দেশে আলু উৎপাদনের জন্য বিখ্যাত মুন্সিগঞ্জ। খবর নিয়ে জানা গেছে, সেখানেও আলুর দাম পড়তির দিকে। সেখানকার পাইকারি বাজারে প্রতি কেজি আলু গতকাল বিক্রি হয়েছে ১৫-১৬ টাকায়। আর খুচরা বাজারে সেই দাম ছিল ২০ টাকা। এক মাস আগেও মুন্সিগঞ্জের খুচরা বাজারে প্রতি কেজি আলু ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়। জেলার আলুর পাইকারি ব্যবসায়ী ও আড়তদার আলী আজগর জানান, হিমাগারে থাকা পুরোনো আলু এক মাস আগেই শেষ হয়ে যাওয়ায় মাঝে আলুর দাম বেড়ে গিয়েছিল। এখন নতুন আলু উঠতে শুরু করায় দাম কমতে শুরু করেছে।
কমছে ভোজ্যতেলের দাম: সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্তের সুফল অবশেষে পেতে শুরু করেছেন ক্রেতারা। গতকাল খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৮৩ থেকে ৮৫ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৮৮ থেকে ৯০ টাকা। একই সঙ্গে রূপচাঁদা, তীর, পুষ্টির মতো বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের দামও আগের সপ্তাহের তুলনায় কমেছে। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ব্র্যান্ড ভেদে গতকাল ৮৮ থেকে ৯০ টাকায় বিক্রি হয়েছে, আর পাঁচ লিটারের বোতল বিক্রি হয়েছে ৪৪০ থেকে ৪৬০ টাকায়।
এদিকে সয়াবিন তেলের দাম কমার প্রভাব পড়েছে পাম তেলের ওপরও। গত সপ্তাহের তুলনায় লিটারপ্রতি দুই টাকা কমে প্রতি লিটার পাম তেল গতকাল ৫৬ থেকে ৫৮ টাকায় বিক্রি হয়েছে।
বেড়েছে চিনির দাম: এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চিনির দাম দুই টাকা বেড়েছে। গতকাল কারওয়ান বাজারে এক কেজি চিনি বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৪৬ থেকে ৪৮ টাকা। গত ২৩ ডিসেম্বর এনবিআর চিনি আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা মূসক আরোপ করার পরই বাজারে চিনির দাম বাড়তে শুরু করে। মূসক বাড়ানোর আগে প্রতি কেজি চিনির দাম ছিল ৩৮ থেকে ৪০ টাকা।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর মুন্সিগঞ্জ, বগুড়া ও শিবগঞ্জ প্রতিনিধি)