কমপক্ষে ৪০০ কোটি টাকার নিজস্ব সংস্থান থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে হলে কমপক্ষে ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের সংস্থান থাকতে হবে। আর লাইসেন্সের জন্য আবেদন করতে হলে আট লাখ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট দিতে হবে বাংলাদেশ ব্যাংকের নামে।লাইসেন্স পেলে ব্যবসায়িক কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে ব্যাংকটিকে শেয়ারবাজারে যেতে হবে। ছাড়তে হবে নতুন করে আরও ৪০০ কোটি টাকার শেয়ার। বাংলাদেশ ব্যাংক দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন এই খসড়া দিকনির্দেশনাটি কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে গতকাল সোমবার প্রকাশ করেছে।খসড়া অনুযায়ী কোনো ব্যাংক-উদ্যোক্তা কমপক্ষে ব্যাংকটির এক কোটি টাকার শেয়ার কিনবেন এবং কোনো ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান একক বা যৌথভাবে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণ করতে পারবে ব্যাংকটির। পরিবার বলতে স্বামী-স্ত্রী, পিতা, মাতা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের বোঝানো হয়েছে। সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার ধারণের এই শর্ত শিথিল হতে পারে বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে।নতুন ব্যাংকের উদ্যোক্তাদের শেয়ার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম শুরুর পর থেকে তিন বছর পর্যন্ত বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। আয়কর দেওয়া অর্থে ও আয়কর বিভাগের প্রত্যায়িত টাকায় ব্যাংকের উদ্যোক্তা হতে হবে। ঋণ করে সেই অর্থে ব্যাংকের উদ্যোক্তা শেয়ারের মালিক হওয়া যাবে না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিয়ে খেলাপি রয়েছেন, এমন কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের সদস্য ব্যাংকের উদ্যোক্তা হিসেবে থাকতে পারবেন না।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট পাসের দিন (২৯ জুন) ঘোষণা দেন, দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার লাইসেন্স দেওয়ার জন্য আগামী মাসেই দরপত্র আহ্বান করা হবে।এর পর থেকেই দেশে নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর আগে থেকেই বিশেষত বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দলীয় রাজনীতিক, রাজনীতি-সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বুদ্ধিজীবীরা নতুন ব্যাংকের লাইসেন্স পেতে কেন্দ্রীয় ব্যাংকে তৎ পরতা চালাচ্ছিলেন। নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন। সরকারের নির্দেশনা অনুসারে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংক স্থাপনের সম্ভাব্যতার সমীক্ষাও তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বৈঠকে এই সমীক্ষা ধরে ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টির সুরাহা হবে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞাপন দিয়ে নতুন ব্যাংকের আবেদন আহ্বান করবে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রগুলো বলছে, আবেদন পাওয়ার পর সেগুলো যাচাই করা হবে। উদ্যোক্তা ও পরিচালকদের যোগ্যতা যাচাইয়ের পর উত্তীর্ণদের কারিগরি মূল্যায়ন করা হবে দক্ষ ব্যক্তিদের দিয়ে। এরপর উত্তীর্ণদের প্রস্তাবগুলো হাজির করা হবে উচ্চক্ষমতাসম্পন্ন কেন্দ্রীয় ব্যাংকের একটি কমিটির কাছে। এই কমিটির বিবেচনা করা আবেদনগুলো সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করা হবে। পর্ষদ যাদের অনুমোদন দেবে, তাদের নামে ইচ্ছাপত্র দেওয়া হবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য।উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংক ২০০৬ সালে নতুন ব্যাংক প্রতিষ্ঠার একটি দিকনির্দেশনা প্রকাশ করে। আর গতকাল প্রকাশ করা হয় নতুন দিকনির্দেশনা। নতুন দিকনির্দেশনায় পরিশোধিত মূলধন, আবেদনের জন্য অফেরতযোগ্য অর্থ, শাখা স্থাপনের শর্ত, কিছু ক্ষেত্রে ঋণ বিতরণের বাধ্যবাধকতার মতো নতুন শর্ত যুক্ত করা হয়েছে।প্রস্তাবিত ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকের সক্ষমতা, যোগ্যতা, সততা বিষয়ে শর্তযুক্ত রয়েছে দিকনির্দেশনায়। এতে বলা হয়েছে, প্রস্তাবিত ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকের অতীতের কর্মকাণ্ড কোনো নিয়ন্ত্রক সংস্থা বা আদালত কর্তৃক ভিন্নভাবে বিবেচনা করা হয়েছে কি না, তা যাচাই করা হবে। নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ১৩ জন। প্রস্তাবিত ব্যাংকের প্রধান নির্বাহীর ১৫ বছরের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হলে তার শাখা একটি শহরে হলে অপরটি গ্রামে স্থাপন করতে হবে কিংবা বাংলাদেশ ব্যাংক সময় সময়ে যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতে শাখা খুলতে হবে। ব্যাংকটিকে অন্তত ৫ ভাগ ঋণ কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতে বিতরণ করতে হবে। ব্যাংকটির আয়ের অন্তত ১০ ভাগ সামাজিক দায়বদ্ধ খাতে (সিএসআর) ব্যয় করতে হবে।আবেদনের সঙ্গে প্রস্তাবিত ব্যাংকের সম্পদের ঝুঁকির দিকগুলো যেসব এলাকা বা খাতে ব্যাংকিং সেবা পৌঁছেনি, সেসব ক্ষেত্রে সেবা পৌঁছানো কৌশল, ফি ও মাশুল কমিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যকে প্রতিযোগিতাশীল করতে কৌশল, রপ্তানি বহুমুখীকরণের কৌশল ও অপ্রচলিত রপ্তানি উৎ সাহিত করার কৌশলপত্রও উপস্থাপন করতে হবে।