>

২০১৬–১৭ অর্থবছরের বাজেট থেকে কী পেলেন ব্যবসায়ীরা। চার ব্যবসায়ী সংগঠনের নেতারা জানালেন তাঁদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ ও শুভংকর কর্মকার
প্রথম আলো: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্যাকেজ ভিত্তিতে মূল্য সংযোজন করের (মূসক) ব্যবস্থা রাখা হয়েছে। তারপরও আপনারা আন্দোলনের কথা বলছেন কেন?
আবু মোতালেব: বাজেটে ৮০ লাখ টাকা পর্যন্ত লেনদেনে প্যাকেজ মূসক সুবিধা দেওয়া হয়েছে। সমস্যা হলো ছোট ছোট মুদি দোকান ছাড়া বেশির ভাগ দোকানেরই বছরে লেনদেনের পরিমাণ ৮০ লাখ টাকার ওপরে। তাই প্যাকেজ মূসক সুবিধা বেশির ভাগ ব্যবসায়ী পাবেন না। ফলে এখন যারা প্যাকেজ মূসক দিয়ে আসছে তাদের ৪ শতাংশ লেনদেন কর দিতে ও হিসাব রাখতে হবে।
প্রথম আলো: তাহলে আপনারা কী চাচ্ছেন?
আবু মোতালেব: আমরা চাই ব্যবসায়ী পর্যায়ে লেনদেনের সীমা নির্ধারণ ছাড়া প্যাকেজ মূসক এবং ব্যবস্থাটি আইনে অন্তর্ভুক্ত করা।
প্রথম আলো: ব্যবসা করছেন, লাভও করছেন কিন্তু ১৫% হারে মূসক দিতে অসুবিধা কোথায়?
আবু মোতালেব: মূসক দেওয়ার মতো করে হিসাব রাখা ও কাগজপত্র সংরক্ষণ করা সাধারণ একজন দোকানদারের পক্ষে সম্ভব নয়। এ জন্য আলাদা কর্মী রেখে তাকে মাসে কমপক্ষে ১৫ হাজার টাকা বেতন দিতে হবে। এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সঙ্গে দেন-দরবার করতে হবে। আমরা এসব ঝামেলায় যেতে চাই না।
প্রথম আলো: প্যাকেজ মূসক থেকে খুব বেশি রাজস্ব পাচ্ছে না সরকার?
আবু মোতালেব: ২০০৮ সালে প্রথম যখন প্যাকেজ মূসক চালু হয় তখন আড়াই লাখ দোকান নিবন্ধিত ছিল। এখন তা কমে ৬৮ হাজারে নেমেছে। নিবন্ধিত দোকানের সংখ্যা কমল কেন? এটা কিন্তু এনবিআরেরই ব্যর্থতা। আমরা যাদের প্যাকেজ মূসকের আওতায় নিতে বলছি, এনবিআর কর্মকর্তারা তাদের সঙ্গে অবৈধ সমঝোতা করছে। এনবিআর বলছে, তারা মাত্র ১০ কোটি টাকা পায়। কিন্তু আমাদের প্রস্তাব বিবেচনায় নিয়ে দোকানপ্রতি ন্যূনতম ১৮ হাজার টাকা মূসক ধরলেও আড়াই লাখ দোকান থেকে ৪৫০ কোটি টাকা আদায় করা যায়। আর সবাই তো ন্যূনতম হারে মূসক দেয় না। অনেক প্রতিষ্ঠান ৫০ হাজার, ৭০ হাজার; কোনো কোনো ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত মূসক দেয়। তাই প্রকৃতপক্ষে ৪৫০ কোটি নয়, প্যাকেজ মূসক ব্যবস্থায় আরও বেশি রাজস্ব আদায় সম্ভব।
প্রথম আলো: আপনাদের প্রস্তাব কী?
আবু মোতালেব: আমরা চাচ্ছি, ট্রেড লাইসেন্স নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে মূসক চালান বাধ্যতামূলক করা। প্রয়োজনে বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের মূসক নিবন্ধনের ব্যবস্থা করা হবে। সরকার চাইলে আমরা প্যাকেজ মূসক আদায় করে সরকারের কাছে দিয়ে আসব।