কমলগঞ্জে বাহারি নামের পোশাকের চাহিদাই বেশি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঈদের বাজার বেশ জমে উঠেছে। কোথাও কোথাও গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলে।তবে এবার ছেলেমেয়ে ও মহিলাদের কাছে ভারতীয় টিভি সিরিয়াল ও হিন্দি ছবির বাহারি নামের পোশাক এবং সুতি ও নেট টিস্যু শাড়ির আকর্ষণই বেশি। এর মধ্যে মাসাককালি, মুন্নি বাদ (মুন্নি বদনাম), বিপাশা, দাবাং, ক্যাটরিনা, শীলা, পাবলু, ঝিলিক, পাতাকুঁড়ি, দিল্লি-৬, আম্মাজান—এসব নামের পোশাক উল্লেখযোগ্য। এ ছাড়া মহিলারা নেট টিস্যু, মসলিন টিস্যু ও টাঙ্গাইল শাড়িসহ বিভিন্ন ধরনের সুতির শাড়ি বেশি কিনছেন। কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বহুতল বিপণিবিতান রয়েল প্লাজা, সুবল ট্রেড সেন্টার, এ আর কমপ্লেক্স, হোসেন প্লাজা, মদিনা মার্কেট ও রহিম ম্যানশন এবং উপজেলা সদরের ভানুগাছ বাজার, মুন্সীবাজার, পতনঊষারের শহীদনগর বাজারসহ বিভিন্ন হাটবাজারে পোশাক, কাপড়, জুতা, প্রসাধনীর দোকানগুলোতে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।ব্যবসায়ীরা জানান, এবার ২০ রমজানের পর থেকে ঈদের বাজার জমে উঠেছে। ক্রেতাদের মধ্যে ছেলেমেয়ে ও মহিলারাই বেশি। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, গতবারের চেয়ে এবার ক্রেতারা বেশি দাম নিচ্ছেন।