কমার্স ব্যাংকে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। ছবি: বিজ্ঞপ্তি
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।
আজ রোববার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় সম্প্রতি সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নিহত শাখা ব্যবস্থাপক ওয়ালীউল্লাহসহ আটজন ব্যক্তির প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।
একই অনুষ্ঠানে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় নিহত শাখা ব্যবস্থাপকের স্ত্রীকে পাঁচ লাখ টাকা ও নিহত অন্য ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন গভর্নর।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইউসুফ আলী হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেলসহ উভয় প্রতিষ্ঠানের সিএসআর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাংক ডাকাতির ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২১ এপ্রিল সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের কাঠগড়া বাজার শাখায় দুর্ধর্ষ ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। এতে ওই শাখার ব্যবস্থাপক ওয়ালীউল্লাহ, গানম্যান কাজী বদরুল আলম, নিরাপত্তা রক্ষী মো. ইব্রাহিম মণ্ডল, ব্যাংকের গ্রাহক মো. শাহাবুদ্দিন মোল্লা ও নূর মোহাম্মদ, স্থানীয় ব্যবসায়ী মো. মনিরুজ্জামান ও মো. জমির আলী এবং অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো. আইয়ুব আলী নিহত হন।