কমার্স ব্যাংক থেকে সরকারি শেয়ার প্রত্যাহারের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিন দিনের সফরে সিলেটে অবস্থানকালে গতকাল মঙ্গলবার দুপুরে সিলেটে তাঁর নিজ বাসায় বেসরকারি দুটো টেলিভিশন চ্যানেল ও স্থানীয় একটি অনলাইন পোর্টালের সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন। কমার্স ব্যাংকে সরকারি শেয়ার রাখা উচিত নয় বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, কমার্স ব্যাংকে বড় অঙ্কের সরকারি শেয়ার আছে। সেটা রাখা উচিত কি না, সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে। তবে এটা তাঁর নিজস্ব মতামত জানিয়ে তিনি এ প্রসঙ্গে আরও বলেন, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তবেই তা বাস্তবায়ন করতে হবে। অনেকগুলো সরকারি ব্যাংক রয়েছে। কাজেই কমার্স ব্যাংকে এত বড় অঙ্কের শেয়ার রাখার প্রয়োজন নেই।
অর্থমন্ত্রী সিলেটে তাঁর নির্বাচনী এলাকার ১০টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু উপলক্ষে তিন দিনের সফরে গত সোমবার সিলেটে আসেন। গতকাল মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির নতুন ভবনসহ ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কমার্স ব্যাংক নিয়ে এসব কথা বলেন। এর আগে গত সোমবার তিনি লাক্কাতুরা চা-বাগান এলাকায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদেও রদবদল হবে।
২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সরকারের সাবেক সচিব আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার আরাস্তু খান পদত্যাগ করেন এবং নতুন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। ওই দিন নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।