কমার্স ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র
প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন অভিযোগপত্র অনুমোদন দেয়।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তাঁরা হলেন ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার মঈন উদ্দিন আহমেদ ও ক্যাশ অফিসার মনিরুল ইসলাম।
দুদক সূত্র জানায়, মঈন উদ্দিন তাঁর নিজস্ব কম্পিউটার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকটির গ্রাহকদের হিসাব বিকৃত করে এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে ৩ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৯৭ টাকা আত্মসাৎ করেন। তিনি মনিরুল ইসলামের যোগসাজশে মিথ্যা পে-অর্ডার ইস্যু করে আরও ২ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ২২৫ টাকা আত্মসাৎ করেন। এভাবে মোট ৬ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩২২ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপক কাজী মো. আবুল কাশেম চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তের ভার আসে দুদকে। সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করেন।