চলতি অর্থবছরের জন্য সরকার যে রপ্তানি লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেটাকে গতানুগতিক বলেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
সংগঠনটি মনে করে, সরকার রপ্তানির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরেছে। এ বছর রপ্তানি আরও বাড়ানো সম্ভব। ঢাকা চেম্বার গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এমন প্রতিক্রিয়াই জানিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২৬ জুলাই চলতি ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৫০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। আগের অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩২০ কোটি ডলার। আর বছর শেষে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৪ শতাংশ কম।
ঢাকা চেম্বার বলছে, বাংলাদেশি পণ্য চিলি, আর্জেন্টিনা, জাপান, থাইল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়েছে। আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে আছে জিএসপি সুবিধা। জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য উৎস বিধির (রুলস অব অরিজিন) শর্ত সহজ করা হয়েছে। এর বাইরে আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার অন্যান্য দেশে নতুন নতুন বাজার বাড়িয়ে রপ্তানি বাড়ানো সম্ভব।
আবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্য চুক্তি সম্প্রতি সংশোধন করা হয়েছে। এর ফলে গত বছরের চেয়ে এবার ভারতে রপ্তানি বাড়বে। অন্যদিকে গত অর্থবছরের মার্চ পর্যন্ত রাশিয়ায় ২১ কোটি ৭৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। রপ্তানির প্রবৃদ্ধি কমার ক্ষেত্রে রাশিয়ার রুবল এবং ইউরোর মূল্যমান কমে যাওয়ার বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলার কথা নয়।
ঢাকা চেম্বার বলছে, বিজিএমইএ ২০২১ সালে ৫ হাজার কোটি ডলারের রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে, তাও ইপিবির ঘোষিত লক্ষ্যমাত্রায় প্রতিফলিত হয়নি।