এ সপ্তাহের সাক্ষাৎকার: বেসরকারীকরণ কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল
কমিশন থাকবে কি থাকবে না এ সিদ্ধান্ত নিতে হবে
প্রথম আলো: প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান হিসেবে কমিশনের কর্মকাণ্ডে আপনি কি সন্তুষ্ট?মির্জা আবদুল জলিল: যে উদ্দেশ্য ও লক্ষ্য সামনে রেখে কমিশন গঠন করা হয়েছিল, বর্তমানে সেই উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে কমিশন যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। নানাভাবে চেষ্টা করেও আমি কমিশনের আইনগত কাজে গতি আনতে পারছি না। আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। সেই বিবেচনায় বলতে পারেন, চেয়ারম্যান হিসেবে কমিশনের কাজে আমি তৃপ্ত নই। প্রথম আলো: কেন আপনি আপনার দায়িত্ব পালন করতে পারছেন না? মির্জা জলিল: সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অসহযোগিতায় এমনটি হচ্ছে। কমিশন ও একাধিক মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের বৈরী ভাব তৈরি হয়েছে। কমিশন যখনই আইনগত এখতিয়ারবলে রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণের উদ্যোগ নেয়, তখনই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কারণে সেই কাজ বাধাগ্রস্ত হয়। মূলত কমিশনের কাজের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে, সেসব মন্ত্রণালয়ই বাধা তৈরি করে। যেমন: শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এসব মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে কমিশন এখন আসামির কাঠগড়ায় রয়েছে।প্রথম আলো: বিষয়টি একটু খুলে বলুন?মির্জা জলিল: কমিশন ইতিপূর্বে আইন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত বেশ কিছু প্রতিষ্ঠান যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারীকরণের উদ্যোগ নেয়। দরপত্রের মাধ্যমে কিছু শিল্প বেসরকারীকরণও করা হয়। আগ্রহী ক্রেতাদের কাছ থেকে কমিশন এ জন্য টাকাও জমা নেয়। কিন্তু বিক্রি করা এসব শিল্পপ্রতিষ্ঠান ক্রেতাকে আর বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। কারণ, মন্ত্রণালয়গুলো এসব প্রতিষ্ঠান ক্রেতার কাছে হস্তান্তর করছে না। তাই কয়েকজন ক্রেতা কমিশনের বিরুদ্ধে মামলা করেছেন। অথচ এখানে কমিশনের কোনো দোষ নেই। প্রথম আলো: তাহলে কমিশনটা কেন আছে?মির্জা জলিল: আমারও একই প্রশ্ন। যখন আইনগত দায়িত্ব পালন করতে পারছে না, তখন শুধু কমিশনটা টিকিয়ে রেখে লাভ কী? আমার মনে হয়, কমিশন থাকবে কি থাকবে না—এ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যদি কমিশন টিকিয়ে রাখা হয়, তাহলে এটিকে তার যথাযথ দায়িত্ব পালন করতে দিতে হবে। প্রথম আলো: কমিশন যখন কাজই করতে পারছে না, তাহলে চেয়ারম্যান হিসেবে আপনিই বা কী করছেন?মির্জা জলিল: আমি কমিশনের কাজকে বিস্তৃত করার চেষ্টা করেছি। আমি চাই, কমিশন টিকে থাকুক। এ জন্য কয়েকটি জরিপ করা হয়েছে। এসব জরিপের মাধ্যমে আমি সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থা সরকার ও জনগণের সামনে তুলে ধরেছি যেন সরকারি শিল্পগুলোর বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ে। সম্প্রতি আমি উদ্যোগ নিয়েছি, পূর্ণ বেসরকারীকরণ প্রক্রিয়া থেকে সরে এসে লিজ পদ্ধতিতে হলেও বন্ধ সরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনমুখী করার। এ জন্য একটি লিজ বা ইজারা নীতির খসড়া চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি সরকারি শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহূত জমি বাণিজ্যিকভাবে শিল্পের কাজে ব্যবহারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি কাজ শুরু করেছে। প্রথম আলো: এগুলো করে কি কোনো লাভ হচ্ছে বা হবে? মির্জা জলিল: লিজ বা শিল্পের অব্যবহূত জমির সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগে মন্ত্রণালয়গুলোর কোনো আপত্তি থাকবে না বলে মনে করি। দেশে নতুন শিল্প গড়ার ক্ষেত্রে প্রধান সমস্যা জমি। অথচ সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোতে এখনো অনেক জমি উদ্বৃত্ত পড়ে আছে। কোনো কোনো সরকারি শিল্পপ্রতিষ্ঠান ১২-১৫ একর জায়গাজুড়ে থাকলেও এর মধ্যে কারখানা আছে হয়তো দু-তিন একর জায়গায়। অবশিষ্ট অব্যবহূত জমিগুলোকে যদি আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে নতুন অনেক শিল্প গড়ে উঠবে। প্রথম আলো: সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কী পরিমাণ জমি অব্যবহূত আছে, তার কোনো পরিসংখ্যান কি আপনাদের কাছে আছে?মির্জা জলিল: হ্যাঁ, আছে। সম্প্রতি কমিশনের পক্ষ থেকে ৩৯টি সরকারি শিল্পে এ জরিপ চালানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রায় এক হাজার ৩০০ একর উদ্বৃত্ত জমি আছে। এখন সরকারের হাতে দেড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে শুধু ৩৯টির ওপর জরিপ করা হয়েছে। বাকি ১১৪টি শিল্প রয়ে গেছে। এগুলোর ওপর জরিপ করলে অব্যবহূত উদ্বৃত্ত জমির পরিমাণ বহুগুণ বাড়বে।[সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন]