তৈরি পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের গোষ্ঠী ফোরাম নির্বাচন কমিশনের বিরুদ্ধে খামখেয়ালিপনার গুরুতর অভিযোগ এনেছে। ফোরাম নেতা ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘আমরা শতভাগ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন করতে চাই। কিন্তু নির্বাচন কমিশন একগুঁয়েমি ও খামখেয়ালিপনা করছে।’বিজিএমইএর আসন্ন নির্বাচন নিয়ে ফোরামের দলনেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ অভিযোগ আনেন।পারভেজ বলেন, বিজিএমইএর নির্বাচন হওয়ার কথা ছিল গত ২৪ ফেব্রুয়ারি। কিন্তু নির্বাচন কমিশন গত ১৯ ফেব্রুয়ারি হঠাৎ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই ব্যবসায়িক গোষ্ঠীকে বৈঠকে ডেকে ভোটার তালিকায় ২৫ থেকে ৪০ ভাগ ভোটারের ফাইলে গোলমাল রয়েছে বলে জানায়। পারভেজ বলেন, ‘আমরা খুবই ইতিবাচকভাবে বিষয়টিকে নিই। আমরা চাই, তাহলে ভোটার তালিকা পুরোটাই খতিয়ে দেখা হোক।’ সেই ভিত্তিতে পরে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। সেই অনুসারে তফসিলে ঘোষিত ভোটগ্রহণ স্থগিত করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে সময় বাড়ানো হয়। চুক্তিতে বিজিএমইএর বর্তমান ও সাবেক সাত সভাপতিসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের দলনেতা স্বাক্ষর করেন। এই চুক্তি অনুসারে দুই পক্ষের উপস্থিতিতে ১০০ ভাগ ভোটার তালিকা খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত হয়। পারভেজ অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রথম দিন থেকেই কাজটি করার ক্ষেত্রে গড়িমসি শুরু করে। আবার কাজটি শুরু করে এক দিন পর মত বদলে ফেলে। সর্বশেষ কমিশন ৯০০ ভোটারের তালিকা দিয়ে বলেছে, এগুলোই শুধু খুঁটিয়ে দেখতে হবে। কিন্তু কেন সব ভোটার নয় বা কেন এই ৯০০ ভোটার তার কোনো ব্যাখ্যা দেয়নি। এক প্রশ্নের জবাবে পারভেজ বলেন, বিজিএমইএর সচিব মোস্তাফিজুর রহমান একই সঙ্গে নির্বাচন কমিশনেরও সচিব। ফলে তাঁর দায় আছে। তাঁকেই ভোটার ফাইল সঠিক কি না সে দায় নিতে হবে। একই সঙ্গে বর্তমান পরিচালনা পর্ষদও এ দায় এড়াতে পারেন না বলে মত দেন পারভেজ।ফোরাম গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিজিএমইএ সাধারণ সভারও তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সাধারণ সভা, আবার মোবাইল ফোনে খুদে বার্তা দেওয়া হয়েছে সম্মিলিত পরিষদের সভা। ফোরাম নেতা আরও বলেন, নির্বাচন কমিশনার তাঁদের বলেছেন, এমন সভা হতে পারে না, হলে তা হবে আইনবহির্ভূত। এক ঘণ্টা পরই কমিশন আবার বলেছে, এ সভায় কোনোভাবেই নির্বাচন প্রসঙ্গে কোনো আলোচনা হবে না। কিন্তু সভা হয়েছে এবং সেখানে মিথ্যার বেসাতি করেছেন বিজিএমইএর বর্তমান পর্ষদ ও সম্মিলিত পরিষদের নেতারা। পারভেজ সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন চাই, কোনোভাবেই প্রশাসক চাই না। আমরা চাই নির্বাচন কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক। আর তা না হলে সরকারের দায়িত্ব সরকার করবে।’ ফোরাম মনে করে, ভোটার খুঁটিয়ে দেখার কাজ তিন দিনেই শেষ হতে পারে। তার জন্য কয়েকটি দল বেশি গঠন করলেই হয়, যারা ভোটার ফাইলগুলো খুঁটিয়ে দেখবে। সামগ্রিক বিষয় নিয়ে বিজিএমইএর নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে এ প্রতিবেদককে তাৎক্ষণিকভাবে পরিষ্কার মত দিয়ে অপারগতা প্রকাশ করেন। তবে মোটা দাগে ফোরামের অভিযোগ তিনি অস্বীকার করেন এবং সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর জবাব দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন।