কমে গেছে পশুর চামড়ার জোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি জেলায় অ্যানথ্রাক্স রোগে পশু আক্রান্ত হওয়ায় দেশের সাধারণ মানুষ মাংস খাওয়া কমিয়ে দিয়েছে। এতে দেশব্যাপী গরু ও ছাগল জবাইয়ের পরিমাণ অনেক কমে গেছে। এ অবস্থার বিরূপ প্রভাব পড়েছে দেশের ট্যানারি কারখানাগুলোয়। এখানে চামড়ার সরবরাহ অব্যাহতভাবে কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে শেষ পর্যন্ত চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিও ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কা করছেন এ খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকেরা।চামড়াশিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও রপ্তানিকারকেরা মনে করেন, দেশের রপ্তানিমুখী চামড়াশিল্প টিকিয়ে রাখতে দেশব্যাপী সব গবাদিপশুকে আগামী ১৫ দিনের মধ্যে যথাযথভাবে প্রতিষেধক টিকা দিতে হবে। একই সঙ্গে এ রোগ সম্পর্কে জনমনে স্বচ্ছ ধারণা দিতে হবে। ব্যবসায়ীরা দাবি করেন, গবাদিপশুর অ্যানথ্রাক্স বা তড়কা নতুন কোনো রোগ নয়, এটি আগেও ছিল। গবাদিপশুকে যথাযথভাবে এ রোগের টিকা দিলে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়লে সহজে এ রোগ নির্মূল করা সম্ভব।ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, অ্যানথ্রাক্স ভয়াবহ রোগ না হলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে। তাই এবার ঈদুল ফিতরের সময় সাধারণত যে পরিমাণ গরু ও ছাগল জবাই করা হয়, তার মাত্র ২০ শতাংশ হয়েছে। তাই কারখানাগুলোতে চামড়ার সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। তাঁরা সরকারের কাছে এই আবেদনও জানিয়েছেন, সরকার যেন আগামী কোরবানি ঈদের আগেই এ রোগ নির্মূল করে চামড়ার ব্যবসায় আগের মতো স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। উল্লেখ্য, ঈদুল আজহার সময়ই উৎসর্গ করা পশু থেকে সারা বছরের চামড়ার মোট সংগ্রহের অর্ধেকের বেশি সংগৃহীত হয়।চামড়াশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান এম এ রশিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘গরুর তড়কা রোগ সব সময় ছিল। কিন্তু তড়কা রোগ এবার ইংরেজিতে নামকরণ অ্যানথ্রাক্স বলে জনমানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হয়েছে। মাত্র আটটি জেলায় এই রোগ দেখা দিয়েছে। এই রোগে এ পর্যন্ত ৪০০টি গুরু আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত ৫০টির মতো গরু মারা গেছে। অথচ এই রোগের কারণে দেশব্যাপী রেড অ্যালার্ট জারি করে আতঙ্ক ছড়ানো হয়েছে।’রশিদ ভূঁইয়া বলেন, ‘অ্যানথ্রাক্স গরুর জন্য মরণব্যাধি হলেও মানুষের জন্য চর্মরোগ, যা চিকিৎসায় ভালো হয়ে যায়। এ রোগে মানুষের মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই। তা ছাড়া গরুর মাংস ভালো করে রান্না করে খাওয়া হলে মানুষের অ্যানথ্রাক্স হয় না।’ বিএফএলএলএফইএর চেয়ারম্যান জানান, ট্যানারিগুলোতে যে পরিমাণ চামড়া সংগ্রহ করে, তার ৫০ শতাংশ আসে কোরবানির ঈদের সময়। ২০ শতাংশ আসে ঈদুল ফিতরের সময়। আর সারা বছর ধরে বাকি ৩০ শতাংশ চামড়া সংগ্রহ করা হয়। কিন্তু অ্যানথ্রাক্স-আতঙ্কে এবার ঈদুল ফিতরের সময় লক্ষ্যমাত্রার মাত্র ৫ শতাংশ চামড়া সংগ্রহ করা গেছে। কাজেই কোরবানির ঈদের আগেই এ সমস্যার সমাধান প্রয়োজন।বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ বলেন, সাধারণত ঈদুল ফিতরের সময় ১০ লাখ গরু ও ১৫ লাখ ছাগল জবাই করা হয়ে থাকে। কিন্তু এবার হয়েছে অনেক কম। তাই কারখানাগুলোতে চামড়ার সংকট দেখা দিয়েছে। এতে ক্রেতাদের সময়মতো প্রক্রিয়াজাত চামড়া সরবরাহ করা যাচ্ছে না। অনেক ক্রেতা বিমানে করে পণ্য পাঠানোর কথা বলছেন।শাহীন আহমেদ বলেন, বাংলাদেশি চামড়ার বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু ক্রেতাদের সময়মতো সরবরাহ করতে না পারলে তাঁরা আস্থা হারিয়ে ফেলবেন। ফলে তাঁরা অন্য দেশে চলে যেতে পারেন।বিটিএর চেয়ারম্যান দাবি করেন, একটা গরুকে প্রতিষেধক টিকা দিতে ৫০ পয়সার বেশি লাগে না। কাজেই এই রোগ প্রতিরোধে তেমন অর্থ ব্যয়েরও প্রয়োজন নেই। সরকার তৎপর হলে সহজেই এ রোগ নির্মূল করা সম্ভব।শাহীন আহমেদ কোরবানির আগেই দেশের গবাদিপশু অ্যানথ্রাক্সমুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তাহলে কোরবানির ঈদে পশু কোরবানির পরিমাণ আগের বছরের মতোই হবে। এতে চামড়া সরবরাহ স্বাভাবিক হবে। কারখানাগুলোও সচল হবে। এ খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে ২২ কোটি ৬০ লাখ ডলারে চামড়া ও দুই কোটি ৯১ লাখ ডলারের চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। আর ২০০৮-০৯ অর্থবছরে ১৭ কোটি ৭৩ লাখ ডলারের চামড়া ও দুই কোটি ৬১ লাখ ডলারে চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়।এ ছাড়া ২০০৯-১০ অর্থবছরে ২০ কোটি ৪১ লাখ ডলারের পাদুকা ও ২০০৮-০৯ অর্থবছরে ১৮ কোটি ৬৯ লাখ ডলারের পাদুকা রপ্তানি করা হয়।