গত ২০০৯-১০ অর্থবছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণি থেকে এ তথ্য পাওয়া গেছে।এতে দেখা যায়, ২০০৯-১০ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ ছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার, যা ২০০৮-০৯ অর্থবছরে ছিল ৯৬ কোটি ১০ লাখ ডলার। অবশ্য গত অর্থবছরের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ বেড়েছে বলে পরিসংখ্যান পর্যালোচনায় প্রতীয়মান হয়। ২০০৯-১০ অর্থবছরের প্রথমার্ধে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ ছিল ১৯ কোটি ৭০ লাখ ডলার, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬০ কোটি ৩০ লাখ ডলার।কিন্তু জ্বালানি ও গ্যাস-সংকটে যেখানে স্থানীয় বিনিয়োগই শ্লথ হয়ে পড়েছে, সেখানে বিদেশি বিনিয়োগও তেমন একটা বাড়বে না, এটাই স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে। এর আগে জুলাই মাসে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড) ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১০’ প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বিশ্ব মন্দার নেতিবাচক প্রভাবে ২০০৯ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রবাহ আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ কমে গেছে।প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৮ সালে যেখানে বাংলাদেশে ১০৮ কোটি ৬০ লাখ ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছিল, সেখানে ২০০৯ সালে এসেছে ৭১ কোটি ৬০ লাখ ডলারের।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, ২০০৯-১০ অর্থবছরে দেশে পোর্টফোলিও বা পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ ছিল নেতিবাচক। এই সময়কালে বরং ১১ কোটি ৭০ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ পুুঁজিবাজার থেকে বেরিয়ে গেছে।লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে, ২০০৯-১০ অর্থবছরে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে ২৮৬ কোটি ৫০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। আগের বছর অবশ্য এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ২০৫ কোটি ৮০ লাখ ডলার।আলোচ্য সময়কালে চলতি হিসাবের ভারসাম্যে রেকর্ড ৩৭৩ কোটি ৪০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিলেও আর্থিক হিসাবের ভারসাম্যে ৭৫ কোটি ৫০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছে। আবার মূলধন হিসাবে ৪৪ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে।এই সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ ১৬০ কোটি ডলার দেশের ভেতর প্রবেশ করলেও আগে গৃহীত মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণের আসল বাবদ পরিশোধ করতে হয়েছে ৬৮ কোটি ৭০ লাখ ডলার।