কমে গেছে মাঝারি ও বড় শিল্পের উৎপাদন প্রবৃদ্ধি
গ্যাস-বিদ্যুতের ঘাটতি ও ব্যাংকের তারল্যসংকটের মধ্যে গত অর্থবছর দেশের মাঝারি ও বড় শিল্পের উৎপাদনের প্রবৃদ্ধির হার কিছুটা কমে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রস্তুতকৃত মাঝারি ও বড় ম্যানুফ্যাকচারিং শিল্পের উৎপাদনসূচকের (কোয়ান্টাম ইনডেক্স অব প্রোডাকশন বা কিউআইপি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।এতে দেখ যায় যে ২০১১-১২ অর্থবছরে উৎপাদনসূচক দাঁড়িয়েছে ৫৭০ দশমিক ৪৪ পয়েন্ট যা ২০১০-১১ অর্থবছরে ছিল ৫২০ দশমিক ৫৬ পয়েন্ট। অর্থাৎ গত অর্থবছরে মাঝারি ও বৃহৎ শিল্প উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৯ শতাংশ। অন্যদিকে ২০১০-১১ অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ১৭ দশমিক ৭৪ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে সূচক ছিল ৪৪২ দশমিক ১২ পয়েন্ট।এই শিল্প উৎপাদনসূচকে আটটি উপসূচক রয়েছে। এই উপসূচকগুলোয় বিভিন্ন উৎপাদন খাতের শিল্প উৎপাদনের হিসাব অন্তর্ভুক্ত রয়েছে, যা থেকে সংশ্লিষ্ট খাতগুলোর গতি-প্রকৃতি বোঝা যায়।প্রাপ্ত পরিসংখ্যান থেকে দেখা যায়, গত অর্থবছর ‘পাট, তুলা, ওভেন পোশাক ও চামড়া’ নিয়ে গঠিত উপসূচকের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ৬৭ শতাংশ। সবগুলো উপসূচকের মধ্যে এই উপসূচকের প্রবৃদ্ধিই সবচেয়ে বেশি। আবার সার্বিক সূচক নির্ণয়ে এই সূচকের ওপরই সবচেয়ে বেশি ভার বা গুরুত্ব দেওয়া হয়েছে (১০০-র মধ্যে ৩৮ দশমিক ২০)। এতে আরও দেখা যায় যে গত অর্থবছর ‘কাগজ ও কাগজসামগ্রী’ উপ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬০ শতাংশ, ‘অধাতব পণ্য’ উপ খাতের উৎপাদন বেড়েছে ২ দশমিক ৫৪ শতাংশ এবং ‘নির্মিত ধাতবসামগ্রী’ উপ খাতের উৎপাদন বেড়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ।অন্যদিকে ‘খাদ্য, পানীয় ও তামাক’ উপ খাতের উৎপাদন কমেছে ১ দশমিক ৬১ শতাংশ, ‘আসবাবসহ কাঠসামগ্রী’ উপ খাতের প্রবৃদ্ধি কমেছে ৪ শতাংশ, ‘রসায়ন, পেট্রো ও রাবার’ উপ খাতের উৎপাদন কমেছে দশমিক ৮০ শতাংশ এবং মূল ধাতবপণ্যের উৎপাদন কমেছে দেড় শতাংশ।মেট্রোপলিটন চেম্বার (এমসিসিআই) কিছুদিন আগে গত অর্থবছরের শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) অর্থনীতির যে পর্যালোচনা প্রকাশ করে, তাতে বলা হয় যে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ এবং অভ্যন্তরীণ ঋণ-পরিস্থিতির প্রকৃত প্রভাব বোঝা যাবে পুরো বছরের কিউআইপি প্রকাশ করার পর।এমসিসিআইর প্রতিবেদনে আরও বলা হয় যে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কমে যাওয়া, শিল্পঋণের প্রবাহ শ্লথ হওয়া, গ্যাস ও বিদ্যুতের সরবরাহে অনিশ্চয়তা এবং মূলধনি যন্ত্রপাতি আমদানি হ্রাস পাওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প উৎপাদন খাতে। এসব প্রতিবন্ধকতাই এই খাতকে তার সম্ভাব্য উৎপাদনে নিয়ে যেতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকেও দেখা যায়, গত অর্থবছরে মেয়াদি শিল্পঋণের বার্ষিক প্রবৃদ্ধি ঘটেছে ৯ দশমিক ৭০ শতাংশ। আবার এই শিল্প উৎপাদন সূচক বা কিউআইপি এখনো ১৯৮৮-৮৯ ভিত্তিবছর ধরে নির্ণীত হওয়ায় মাঝারি ও বড় শিল্প খাতের প্রকৃত চিত্র এতে প্রতিফলিত হচ্ছে না বলে অনেক দিন ধরেই বলে আসছেন অর্থনীতিবিদ ও শিল্পোদ্যোক্তারা।বেশ কয়েক বছর আগে এই উৎপাদনসূচক বা কিউআইপি হালনাগাদ করার একটি উদ্যোগও নেওয়া হয়েছিল। এরই আলোকে ২০০০-০১ অর্থবছরকে ভিত্তিবছর ধরে ও উপ খাতগুলোর ভার পুনর্বিন্যাস করে বাংলাদেশ ব্যাংক পৃথকভাবে কিছুদিন শিল্প উৎপাদনসূচকও প্রণয়ন করে। যেমন, তাতে ‘পাট, তুলা, ওভেন পোশাক ও চামড়া’ উপ খাতে ভার (ওয়েট) দেওয়া হয়েছিল ৬৮ দশমিক ১০ শতাংশ। কিন্তু সেই প্রক্রিয়াটিও দীর্ঘায়িত হয়নি। কিউআইপি হালনাগাদ করার জন্য নতুনভাবে শিল্পকারখানা জরিপ ও বিদ্যমান খাতগুলোর পুনর্বিন্যাস করার জন্য পরিসংখ্যান ব্যুরো অবশ্য সম্প্রতি কিছু কাজ শুরু করেছে বলে জানা গেছে।