এশিয়া কাপের বাংলাদেশ-পাকিস্তান ফাইনাল ম্যাচের প্রভাব গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারেও দেখা গেছে। খেলার কারণে এদিন রাজধানীর ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কমে যায়। আর লেনদেনের শেষ পর্যন্ত যাঁরা উপস্থিত ছিলেন, শেষ ঘণ্টায় গিয়ে তাঁরা লেনদেনের চেয়ে টিভির পর্দায় খেলা দেখায় বেশি মনোযোগী হয়ে ওঠেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে প্রায় ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে ২৪৪ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ। তবে সূচক বাড়লেও দুই বাজারেই লেনদেন আগের দিনের চেয়ে কমে গেছে। জানা যায়, গতকাল দুপুরের পর থেকে ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারীশূন্য হতে থাকে। বিনিয়োগকারীদের পাশাপাশি ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যেও ছিল এ ম্যাচ ঘিরে নানা আলোচনা আর জয়ের প্রত্যাশা। খেলা শুরু হয় বেলা দুইটায়। তখনো লেনদেনের বাকি ছিল এক ঘণ্টা। আর তাই উপস্থিত বিনিয়োগকারীদের বেশির ভাগই টিভির পর্দায় খেলা দেখতে মগ্ন হয়ে পড়েন। আর যাঁরা মাঠে বসে খেলা দেখার আয়োজন সম্পন্ন করেছিলেন, তাঁদের বেশির ভাগই বেলা একটার আগে ব্রোকারেজ হাউস ছেড়ে মাঠের উদ্দেশে রওনা দেন।জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘খেলার কারণে ব্রোকারেজ হাউসে দুপুরের পর বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কমে যায়। তবে লেনদেনে খেলার প্রভাব খুব একটা পড়েছে বলে মনে হয় না। বরং বাজারের আচরণ দেখে মনে হচ্ছে, গতকালও কিছুটা মুনাফা তুলে নেওয়ার চাপ ছিল।’এদিকে আইডিএলসি ইনভেস্টমেন্টের গবেষণা প্রতিবেদনেও মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আগের দিনের মূল্য সংশোধনের পর গতকাল বাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। সেসঙ্গে লেনদেনেও বাজারের আশাবাদী হওয়ার মতো অবস্থা বজায় রয়েছে। মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটেই সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের বেশ কয়েক দফা উত্থান-পতন ঘটে। এদিন ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ৮১ পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ঢাকার বাজারে ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৩টিরই দাম বেড়েছে, কমেছে ৩৪টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৪৩ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৫ কোটি টাকা কম। লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৫৯ পয়েন্টে।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এদিন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৮২৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ২৮টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। দিন শেষে সিএসইতে প্রায় ৪৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় পাঁচ কোটি টাকা কম।