দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে গতকাল মঙ্গলবারও প্রাধান্য বিস্তার করেছে বিদ্যুৎ-জ্বালানি খাত। এদিন ডিএসইর মোট লেনদেনের প্রায় ২১ শতাংশ জুড়েই ছিল এই খাত।নতুন তালিকাভুক্ত কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ারের লেনদেনের ওপর ভর করে খাতটি লেনদেনের শীর্ষস্থান দখলে রাখে। দিনের শেষে সামিট পূর্বাঞ্চল পাওয়ারের প্রায় ১৯ কোটি টাকার লেনদেন হয়। দেশের দুই স্টক এক্সচেঞ্জে গত সোমবার কোম্পানিটির লেনদেন শুরু হয়।এদিকে সামিট পূর্বাঞ্চল পাওয়ারের লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমে যাওয়ায় ডিএসইর মোট লেনদেনের পরিমাণও কমে গেছে। সোমবার ডিএসইর লেনদেন সাড়ে তিন শ কোটি টাকার ঘর ছাড়িয়ে গেলেও গতকাল তা নেমে এসেছে প্রায় আড়াই শ কোটি টাকায়।অবশ্য হরতালের মধ্যে গতকাল শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হয়েছে। এমনিতেই বাজারের চলমান মন্দাভাবের কারণে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি কমে গেছে। তার মধ্যে হরতালের কারণে এই উপস্থিতি ছিল আরও কম। বেশির ভাগ বিনিয়োগকারী টেলিফোনে লেনদেনে অংশ নেন।কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল ডিএসইতে সাধারণ সূচক বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা রেখেছে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। কোম্পানিটির শেয়ারের দরবৃদ্ধির কারণে ডিএসইর সূচক শূন্য দশমিক ২৫ শতাংশ কমেছে। ডিএসইতে গতকাল গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম সাড়ে তিন টাকা বেড়েছে। ১০ ফেব্রুয়ারি কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা নির্ধারণ করেছে। এতে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে লভ্যাংশ ঘোষণারও সম্ভাবনা রয়েছে। আর এই সম্ভাবনাকে কেন্দ্র করেই কোম্পানিটির শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে বলে বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। বাজারের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পর লেনদেনের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল বস্ত্র খাত। এই খাতের লেনদেন হওয়া ২৬টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ।ঢাকার বাজারে গতকাল ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৬টিরই দাম বেড়েছে, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিনের শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৬৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৮৯ কোটি টাকা কম।ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক এদিন প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩০৯ পয়েন্টে। নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৯১ পয়েন্টে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৪টিরই দাম বেড়েছে, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিনের শেষে সিএসইর লেনদেনের পরিমাণ কমে নেমে এসেছে ৩১ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি টাকা কম।