কমে গেছে লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে লেনদেন পরিস্থিতির অবনতি হয়েছে। তবে দিন শেষে দেশের দুই শেয়ারবাজারে মূল্যসূচক সামান্য বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ছয় পয়েন্ট বেড়েছে। এই দিন ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৪৫ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক বেড়েছে মাত্র এক পয়েন্ট। মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে দিনভর মূল্যসূচকের উত্থান-পতন ঘটেছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা আরও বলছেন, এটি বাজারের স্বাভাবিক আচরণ। এতে বিচলিত হওয়ার কিছু নেই। জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, বেশ কিছু কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিয়েছেন। কিন্তু তার পুরো অংশটি আর পুনর্বিনিয়োগে আসেনি। এ কারণে লেনদেনের পরিমাণ কিছুটা কমে গেছে। বর্তমানে বাজারে শেয়ারের দাম যে পর্যায়ে রয়েছে, তাতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হওয়ার বিষয়টি খুবই ইতিবাচক। শেয়ারের কম দাম কিন্তু লেনদেনের পরিমাণ দ্রুত বেড়ে যাওয়াটা বাজারের স্বাভাবিক ধারা নয়। সেই ধারা স্থায়ীও হয় না, বরং ধীরে ধীরে লেনদেন বৃদ্ধি পেলে সেটি স্থায়ী হয়। শাকিল রিজভী আরও বলেন, বর্তমান বাজারে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীর খুব বেশি অংশগ্রহণ নেই। কারণ, তাঁদের বড় একটি অংশেরই বাজারে সক্রিয় হওয়ার আর্থিক সামর্থ্য নেই। বর্তমান বাজারে ব্যক্তিশ্রেণীর সেই সব বিনিয়োগকারীই বেশি সক্রিয়, যাঁদের অনেক বেশি বাণিজ্যিক যোগাযোগ ও আর্থিক সামর্থ্য রয়েছে। ডিএসইর সাবেক সভাপতির মতে, বাজারে বর্তমানে যে ধারা চলছে, তা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও ধীরে ধীরে পুনরুদ্ধার হবে। কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে শেয়ারের দামের উত্থান-পতন ঘটছে এবং এটিই হওয়া উচিত। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে এই দিন ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ২০ মিনিটের মধ্যেই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮৭ পয়েন্ট বেড়ে সাড়ে চার হাজারের সীমা অতিক্রম করে। এর পরই কিছু সময় সূচক কমছে, আবার বেড়েছে। এভাবে দিনভর ওঠানামার পর দিন শেষে আগের দিনের সূচকের সঙ্গে নতুন করে ছয় পয়েন্ট যুক্ত হয়। ঢাকার বাজারে ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ১২৩টির আর অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৪৫৩ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এই দিন ১৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৮টিরই দাম কমেছে, বেড়েছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৬ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক এই দিন সামান্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৪১৮ পয়েন্টে।