কমেই চলেছে চায়ের রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা
চা

বাংলাদেশ থেকে চায়ের রপ্তানি কয়েক বছর ধরেই কমছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরেও সেই ধারা অব্যাহত রয়েছে।
এই অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) চা রপ্তানি থেকে আয় হয়েছে চার লাখ ৮০ হাজার ডলার। এটি সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে তো কমই, গত বছরের একই সময়ের তুলনায়ও কম। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রথম প্রান্তিকে ছয় লাখ ১০ হাজার ডলারের চা রপ্তানি হওয়ার কথা।
গত বছর প্রথম প্রান্তিকে সাত লাখ ডলারের চা রপ্তানি হয়, যা বর্তমান প্রান্তিকের রপ্তানির চেয়ে ৩১ শতাংশ বেশি।
গত ২০১২-১৩ অর্থবছরে বিভিন্ন দেশে চা রপ্তানি থেকে আয় হয় ২৪ লাখ ৪০ হাজার ডলার। ওই বছরের রপ্তানির পরিমাণ মাথায় রেখেই সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ বছরের জন্য লক্ষ্যমাত্রা ঠিক করে ২৫ লাখ ৬০ হাজার ডলার। নব্বইয়ের দশকে চা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। বিদেশি ক্রেতাদের কাছে চায়ের চাহিদা ভালো থাকায় তখন এ দেশের রপ্তানি পণ্যের তালিকায় ওপরের দিকেই ছিল চা।
কিন্তু দেশে চায়ের উৎপাদন গত পাঁচ বছরে বেড়েছে ৪৫ লাখ টন। একই সময়ে দেশে চায়ের চাহিদা বেড়েছে ৮৮ লাখ টন। অর্থাৎ উৎপাদনের দ্বিগুণ হারে দেশে চায়ের চাহিদা বাড়ছে।
সে কারণেই পাঁচ বছরের ব্যবধানে চায়ের রপ্তানি ৮০ লাখ কেজি থেকে কমে দাঁড়িয়েছে ১৫ লাখ কেজিতে। দেশীয় চাহিদা বৃদ্ধির কারণেই চায়ের রপ্তানি কমে যাচ্ছে। আর চাহিদা যেভাবে বাড়ছে, সে অনুযায়ী দেশে উৎপাদন না বাড়লে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো চাহিদা মেটাতে বাংলাদেশকে চা আমদানি করতে হবে।
চা বোর্ড ও চা রপ্তানিকারকদের সূত্রে জানা যায়, ২০০৮ সালে এ দেশ থেকে ৮৫ লাখ কেজি চা বিভিন্ন দেশে রপ্তানি হয়। পরের বছর তা মারাত্মকভাবে কমে দাঁড়ায় ৩২ লাখ কেজিতে। ২০১০ সালে চা রপ্তানির পরিমাণ আরও কমে হয় ১০ লাখ কেজি। ২০১১ সালে চা রপ্তানির পরিমাণ আবার বেড়ে দাঁড়ায় ১৫ লাখ কেজিতে। আর গত বছরও একই পরিমাণ চা রপ্তানি হয়।