
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপিভুক্ত পণ্য রপ্তানি গত বছর কমে গেছে। ২০১৩ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের জন্য প্রদত্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি স্থগিত কার্যকর করে যুক্তরাষ্ট্র সরকার। এর জের ধরেই এ রপ্তানি কমেছে বলে মনে করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের হালনাগাদ উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ২০১২ সালে জিএসপিভুক্ত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছিল তিন কোটি ৪৬ লাখ ডলার। আর ২০১৩ সালে তা নেমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলারে। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ৩৮ শতাংশ।
বাংলাদেশের যেসব পণ্য যুক্তরাষ্ট্রে জিএসপি-সুবিধা পাচ্ছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্লাস্টিক, সিরামিক, গলফ খেলার উপকরণ, কার্পেট, চশমা, পতাকা, চুরুট ইত্যাদি।
ট্যারিফ লাইন হিসাব করলে ২৪৩টি পণ্য জিএসপির আওতায় ছিল। তবে এগুলোর বড় অংশই একটি বৃহত্তর বা মূল পণ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন ধরন ও আয়তনের পণ্য। যেমন ট্যারিফ শিডিউলের ৩৯ নম্বর অধ্যায়ে প্লাস্টিক ও প্লাস্টিক পণ্যসামগ্রী অন্তর্ভুক্ত। এখন যদি এ অধ্যায়ের চার অঙ্কের ট্যারিফ লাইন দেখা যায়, তাহলে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য পাওয়া যাবে। ৩৯২৪ ট্যারিফ লাইনে অন্তর্ভুক্ত রয়েছে প্লাস্টিকের তৈরি টেবিলসামগ্রী (টেবিলওয়্যার), রান্নাঘরের সামগ্রী, (কিচেনওয়্যার), অন্যান্য গৃহস্থালি ও শৌচাগারসামগ্রী। এখন যদি আট অঙ্কে অগ্রসর হওয়া যায় তাহলে পণ্য আরও সুনির্দিষ্ট হবে। ‘৩৯২৪১০১০’ ট্যারিফ লাইনের বিপরীতে রয়েছে প্লাস্টিকের তৈরি কাপ, বাটি ইত্যাদি।
আবার এসব পণ্যের মধ্যে অল্প কিছু পণ্য আছে, যেগুলোর রপ্তানি বেশি। আর কিছু পণ্যের রপ্তানি নগণ্য।
জিএসপিসুবিধা পেয়ে বাজার বাড়াচ্ছিল প্লাস্টিক। এ সুবিধা স্থগিত হওয়ায় এ খাত তাই বেকায়দায় পড়েছে। এ খাতের রপ্তানিকারকেরা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে তাঁদের পণ্য রপ্তানি ব্যয় ২০ শতাংশের মতো বেড়ে গেছে। আর এ ব্যয় পুষিয়ে নেওয়াটা সহজসাধ্য নয়। ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে প্লাস্টিক পণ্য রপ্তানি কমেছে প্রায় সাড়ে ১৮ শতাংশ।
অনেকটা একই অবস্থা সিরামিক পণ্যের। সিরামিক রপ্তানির বড় অংশই অবশ্য চীনামাটির (পোরসেলেইন) সামগ্রী। সিরামিক রপ্তানি কমেছে ৩৩ শতাংশ। অথচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সিরামিক পণ্য ধীরে ধীরে একটা বাজার করে নিচ্ছিল।
জিএসপিভুক্ত পণ্যের মধ্যে আবার দুটি ভাগ হচ্ছে। শুধু স্বল্পোন্নত দেশের কিছু পণ্য যে জিএসপি-সুবিধা পায়, বাংলাদেশ থেকে সেগুলোর রপ্তানি কমেছে ৫৮ দশমিক ৩ শতাংশ। অবশ্য এর পরিমাণ খুবই কম। গত বছর এ রকম মাত্র ৪০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা ২০১২ সালে ছিল এক কোটি ডলার। আবার এসব পণ্য বাদ দিয়ে সার্বিক জিএসপি-সুবিধাভোগী পণ্যে বাংলাদেশ থেকে রপ্তানি কমেছে ৩০ শতাংশ। গত বছর এক কোটি ১৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। আর তার আগের বছর রপ্তানি হয়েছিল দুই কোটি ৩৫ লাখ ডলারের।
জিএসপি-সুবিধার আওতায় পণ্য রপ্তানিকারকেরা অভিযোগ করেছেন যে তাঁদের খাত নিয়ে কোনো সমস্যা না থাকলেও অন্য খাতের দায়টি তাঁদের কাঁধে এসে পড়েছে। মূলত তৈরি পোশাকশিল্প শ্রমিকদের প্রাণহানি ও কারখানার কর্মপরিবেশের জন্য জিএসপি স্থগিত করা হয়েছে। আর তৈরি পোশাকশিল্প জিএসপি-সুবিধা পায় না।
মূলত গত বছর এপ্রিল মাসে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দা ও ধিক্কারের ঝড় ওঠে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পোশাক ক্রেতাদের ওপরও চাপ তৈরি করা হয় শ্রমিক অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণের। উন্নত দেশগুলোর সরকারও সক্রিয় হয়ে ওঠে। বলা যায়, এর জের ধরেই যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে দেওয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি স্থগিত করে। গত বছর জুন মাসেই জিএসপি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। আর ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে জিএসপি স্থগিত হয়ে যায়।
জিএসপি স্থগিত হওয়ার মানে হলো যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বা শুল্কছাড় সুবিধা পেত, সেগুলো আর ১ সেপ্টেম্বর থেকে এ সুবিধা পাচ্ছে না। ফলে এসব পণ্য রপ্তানিতে প্রচলিত হারে শুল্ক দিতে হচ্ছে। পণ্যভেদে শুল্ক হার ১২ থেকে ২০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।
উচ্চ হারে শুল্ক প্রদান করায় যুক্তরাষ্ট্রে এসব পণ্য রপ্তানি ব্যয় বেড়ে গেছে। উল্টোভাবে বললে আমদানিকারকদের আমদানি ব্যয় বেড়ে গেছে। সাধারণত আমদানিকারকেরাই শুল্ক দিয়ে পণ্য ছাড় করিয়ে থাকেন। আর তাই বাজার ধরে রাখতে রপ্তানিকারকদের পণ্যের দর কমাতে হচ্ছে, কমিয়ে দিতে হচ্ছে রপ্তানিও।
অবশ্য গত বছর জুলাই মাস থেকেই যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক জিএসপি নবায়ন করেনি। ফলে অন্য যারা জিএসপি পেত, তারাও আপাতত এ সুবিধা পাচ্ছে না। তবে জিএসপি নবায়ন হলে যে কয় মাস জিএসপি-সুবিধাবঞ্চিত ছিল, সেই কয় মাসের শুল্ক ফেরতযোগ্য। সে হিসেবে বাংলাদেশও আগস্ট মাসে জিএসপির আওতায় যা রপ্তানি করেছে, তাতে শুল্ক দিতে হয়েছে আর তা ফেরত পাবে। কিন্তু সেপ্টেম্বর থেকে জিএসপি স্থগিত হয়ে যাওয়ায় আর কোনো শুল্ক ফেরত পাবে না।