দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। পাশাপাশি কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ৮৫ পয়েন্ট কমে ৫,১৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ১৫ মিনিটে সূচক কমে যায় ৩২ পয়েন্ট। ২০ মিনিটে সূচক কমার হার কমতে থাকে এবং গতকালের চেয়ে মাত্র তিন পয়েন্ট কম ছিল। আধা ঘণ্টায় সূচক কমে ২৯ পয়েন্ট। দুপুর একটায় ঊর্ধ্বমুখী হয়ে সূচক বাড়ার হার দাঁড়ায় ১৭ পয়েন্ট। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সূচক বাড়ার হার আজ সর্বোচ্চ ৩৯ পয়েন্ট ছিল। এভাবে ওঠানামা করতে করতে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয় লেনদেন। আজ লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ৫২টির দাম, কমেছে ১৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৬১৪ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লঙ্কাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এমআই সিমেন্ট, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং ইসলামী ব্যাংক।