কমেছে মূল্যসূচক, লেনদেনেও পতন
বামপন্থী দলগুলোর ডাকা হরতালের দিনে গতকাল মঙ্গলবার দেশের শেয়ারবাজারে বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। বাজারে লেনদেনও কমেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমে দাঁড়িয়েছে চার হাজার ১৩৪ পয়েন্টে। এটি তার আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কম। ডিএসইতে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা তার আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এনভয় টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইউনিক হোটেল, এনবিএল, বিএসসিসিএল, ইউসিবিএল, ওয়ান ব্যাংক ও তিতাস গ্যাস।অন্যদিকে দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩০ পয়েন্টে। সিএসইতে এ দিন ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টিরই দাম কমেছে। বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা তার আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।