কমেছে শ্রম অসন্তোষ বিনিয়োগও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রতিষ্ঠার ১০ বছর পার হয়েছে। এই সময়ে এই ইপিজেডে বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি কমেছে শ্রমিক অসন্তোষ। তাই কুমিল্লা ইপিজেডের প্রায় সব প্লটই পূরণ হয়ে গেছে।আবার ডিসেম্বর মাস থেকেই নতুন কাঠামো অনুযায়ী এখানকার শ্রমিকেরা মজুরি পেতে যাচ্ছেন। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠা হওয়ার পর আঞ্চলিক উন্নয়নের জন্য কুমিল্লায় ১৯৯৯ সালে ইপিজেড প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০০ সালের ১৫ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৬৭ দশমিক ৪৬ একর জায়গা নিয়ে এ ইপিজেডে প্লটের সংখ্যা বর্তমানে ২১১টি। ২০০১ সালে এ ইপিজেড আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করে। এখানে ২৪টি দেশি-বিদেশি কারখানা চালু রয়েছে।ভবিষ্যতে এ ইপিজেডের আয়তন ৪৪৩ দশমিক ৭৮ একর করার পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। আয়তন বাড়লে এখানে শিল্প প্লটের সংখ্যা হবে ৩২০টি। বর্তমানে ২১১টি প্লটের মধ্যে মাত্র ১৩টি প্লট খালি রয়েছে। অথচ দেড় বছর আগেও কুমিল্লা ইপিজেডে প্রায় ১০০টির মতো প্লট খালি ছিল। এখন এতে গতির সঞ্চার হয়েছে।জানা গেছে, কুমিল্লা ইপিজেডে চালু ২৪টি কারখানার মধ্যে নয়টি দেশি, নয়টি বিদেশি এবং ছয়টি যৌথ বিনিয়োগে স্থাপিত। আরও ১২টি কোম্পানি নির্মাণাধীন রয়েছে।আবার চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই ইপিজেডে বিনিয়োগ হয়েছে ৭৩৫ কোটি টাকা। বেপজা সূত্রে জানা গেছে, ২০০৫-০৬ অর্থবছরে পাঁচ কোটি ৭১ লাখ টাকা, ২০০৬-০৭ অর্থবছরে আট কোটি ৯১ লাখ টাকা, ২০০৭-০৮ অথবছরে ১১ কোটি ৫৫ লাখ টাকা, ২০০৮-০৯ অর্থবছরে ১৫ কোটি ৩৪ লাখ টাকা এবং ২০০৯-১০ অর্থবছরে ১৪ কোটি ৭৩ লাখ টাকা আয় হয়েছে। সব মিলিয়ে গত পাঁচ বছরে ৫৬ কোটি ২৬ লাখ ৯১ হাজার ৩৫৩ টাকা আয় করে এ ইপিজেড।কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক এ এম এম শামসুদ্দিন চৌধুরী বলেন, আগে ঘন ঘন শ্রমিক অসন্তোষ হওয়ায় ইপিজেড সম্পর্কে একটা নেতিবাচক ধারণা ছিল। এখন সেটা আর নেই। এখানে পরিপূর্ণভাবে কাজ চলছে।নতুন মজুরিকাঠামো: চলতি বছরের ৬ অক্টোবর বেপজা বেতনকাঠামো ঘোষণা করেছে। এর ফলে গার্মেন্টস শ্রমিকদের একজনের ন্যূনতম মাসিক বেতন হবে ৩৯ ডলার, হেলপারের ৪৮ ডলার, জুনিয়র অপারেটরের ৫৫ ডলার, অপারেটরের ৬১ ডলার, সিনিয়র অপারেটরের ৬৭ ডলার ও উচ্চ দক্ষতাসম্পন্ন শ্রমিকের (হাই স্কিল) বেতন ১০৯ ডলার। অন্যদিকে ইলেকট্রনিকস কারখানার শ্রমিকদের ন্যূনতম বেতন ৪১ ডলার। টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম বেতন ৩৯ ডলার।এ এম এম শামসুদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ইপিজেড ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস আইন-২০১০-এর ৪৩ ধারা অনুযায়ী শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। চলতি বছরের নভেম্বর মাস থেকে ওই আইন কার্যকর হবে। ফলে ১ ডিসেম্বর থেকে শ্রমিকেরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন।’