কমেছে সূচক, বেড়েছে লেনদেন
দরপতনের মধ্যে আজ বুধবার লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৫৮ পয়েন্ট কমে ৪৪৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টিরই দাম কমেছে। বেড়েছে ৯৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে ৪১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪১ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এনবিএল, গ্রামীণ ফোন, ইউসিবিএল, বিকন ফার্মা, ইউনিক হোটেল ও গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬৯ পয়েন্ট কমে ১৩৭১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টিরই দাম কমেছে। বেড়েছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি।