শুরু থেকে আজ মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দেখা যায়, দুই বাজারেই গতকালের চেয়ে লেনদেন বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে দুই স্টক এক্সচেঞ্জে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৭০৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩১ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৭৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
লেনদেন বাড়লেও দিন শেষে সূচক কমে যায় দুই শেয়ারবাজারেই। দিন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক গতকালের চেয়ে ১.২৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৪০৮২.৬৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের প্রায় শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তবে শেষ মুহূর্তে সূচক সামান্য কমে যায়।
ডিএসইতে আজ ২৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে। কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সিএসইতেও একই অবস্থা বিরাজ করছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬৩৯ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দাম বেড়েছে। কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, অ্যাকটিভ ফাইন, ইউনাইটেড এয়ার প্রভৃতি।