কমেছে সূচক, বেড়েছে লেনদেন
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে উভয় বাজারে।
ডিএসইতে ৬০৬ কোটি টাকার লেনদেন
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৫৮৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত এভাবেই লেনদেন চলে। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টির দাম কমেছে, বেড়েছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৬২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২১ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া পদ্মা অয়েল, হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পক ইন্ডাস্ট্রিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মতিন স্পিনিং, ফ্যামিলিটেক্স, বিএসসিসিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে ৫০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৩৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টির দাম কমেছে, বেড়েছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৫০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।