আরেকটি বছর শেষ। আজ মঙ্গলবার পয়লা বৈশাখ, ১৪২২। আর এই বাংলা নববর্ষের শুরুতেই হয় ‘হালখাতা’। পুরোনো হিসাব চুকিয়ে ফেলে ব্যবসায়ীদের নতুন খাতা খোলার উৎসব। যুগ যুগ ধরে এমনটাই চলে আসছে। তবে আগের সেই জৌলুশ কিছুটা হলেও ভাটা পড়েছে।
পুরান ঢাকার তাঁতীবাজার ও শাঁখারীবাজারের স্বর্ণের দোকান, শ্যামবাজার ও মৌলভীবাজারের আড়ত এবং ইসলামপুরের কাপড়ের দোকানে হালখাতার আয়োজনটা বেশি হয়। চৈত্র মাসের শুরু থেকেই ব্যবসায়ীরা তাঁদের ক্রেতাদের নিমন্ত্রণ জানানোর কাজটি করেন। কেউ কেউ নিমন্ত্রণপত্রও ছাপান। তবে বর্তমানে মুঠোফোনেই এ কাজটি করেন অধিকাংশ ব্যবসায়ী।
ব্যবসায়ীরা জানান, আগে জাঁকজমকভাবে হালখাতা হলেও এখন সেই উৎসাহ-উদ্দীপনা অনেকটাই কমে গেছে। নিয়ম রক্ষার জন্য দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পুরোনো খাতা বদলে লাল রঙের নতুন খাতা কেনেন। তবে ব্যতিক্রম যে নেই, তা নয়।
এদিকে পুরান ঢাকার ‘হালখাতা’ উৎসব মূলত হিন্দু সম্প্রদায়ের মধ্যেই বেশি উদ্যাপিত হয়। সাধারণত লোকনাথ পঞ্জিকার তারিখ অনুযায়ী পয়লা বৈশাখের দিন হালখাতা করা হয়। সেই হিসাবে কাল বুধবার হচ্ছে পয়লা বৈশাখ।
মৌলভীবাজারের পারফেক্ট মসলা স্টোরের মো. রিপন জানান, হালখাতা উদ্যাপনে সব দোকানই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পুরোনো বছরের হিসাবের খাতা গুটিয়ে নতুন হিসাবের খাতা খোলা হয়। সবাইকে মিষ্টি খাওয়ানো হয়। অনেক দোকানে মিলাদ পড়ানো হয়।
তাঁতীবাজারে নীলা গোল্ড হাউসের স্বত্বাধিকারী গোবিন্দ সরকার জানান, তাঁতীবাজারের বেশ আয়োজন করেই ‘হালখাতা’ উদ্যাপন হয়। ওই দিন দেনাদার পাওনাদারকে তাঁর দেনা পরিশোধ করেন। কিছু হলেও আদান-প্রদান হয়।