কম্বলের মৌসুমি ব্যবসা জমে উঠছে
শীত আসতে শুরু করেছে। পুরোপুরি জেঁকে বসার আগেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য চাই কম্বল। আর তাই কম্বলের মৌসুমি ব্যবসা শুরু হয়েছে মাস খানেক আগেই। দেশি-বিদেশি কম্বল মিলছে এখন রাজধানীর বিপণিবিতান থেকে পথের ধারের অস্থায়ী দোকানগুলোতেও।তুলনামূলক কম দাম, আরামদায়ক ও আকর্ষণীয় হওয়ায় কম্বলের চাহিদা বাড়ছে। এতে অল্প পুঁজিতে ভালো লাভ হয়। তাই অক্টোবর থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত তিন-চার মাসের জন্য কম্বলের মৌসুমি ব্যবসায় নামেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।জানা যায়, এসব কম্বলের বেশির ভাগই কোরিয়া ও চীন থেকে আমদানি করা। মিয়ানমার থেকেও কিছু আসে। তবে গার্মেন্টে তৈরি দেশি কম্বলের চাহিদাও কম নয়। দাম তুলনামূলকভাবে কম হওয়ায় স্বল্প আয়ের মানুষের কাছে এগুলো বেশ জনপ্রিয়।এ ছাড়া দেশের সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের তাঁতিরা একধরনের কম্বল তৈরি করেন। উত্তরবঙ্গের জেলাগুলোতে এসব কম্বলের চাহিদা বেশ ভালো। সব মিলিয়ে সারা দেশে শীত মৌসুমে এখন ২০০ থেকে ২৫০ কোটি টাকার কম্বলের বাজার তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।রাজধানীর বঙ্গবাজার ও গুলিস্তানের কয়েকটি বিপণিবিতান গত সোমবার ঘুরে দেখা গেছে, সেখানকার প্রায় শতাধিক পোশাক ব্যবসায়ী কয়েক মাসের জন্য ব্যবসার ধরন পাল্টে ফেলেছেন। শুরু করেছেন কম্বলের ব্যবসা। ক্রেতাদের আকৃষ্ট করতে হরেক রকমের কম্বল দিয়ে পুরো দোকানই যেন মুড়ে ফেলেছেন। ব্যবসায়ীরা জানালেন, মফস্বল কিংবা গ্রামগঞ্জে মাস দেড়েক আগেই শীত পড়েছে। তাই এখন প্রতিদিনই ঢাকার বাইরে থেকে পাইকাররা কম্বল কিনতে আসছেন। খুচরা বিক্রি এখনো কম। তবে শীতের তীব্রতা বাড়লে বিক্রি বাড়বে।এনেক্সকো টাওয়ারের কুদ্দুস এন্টারপ্রাইজের গোলাম মোস্তফা চার বছর ধরে কম্বলের ব্যবসা করছেন। তিনি সারা বছর প্যান্ট বিক্রি করেন। তখন অবিক্রীত কম্বল গুদামে রেখে দেন। আর শীতের মৌসুমে কেবল কম্বলের ব্যবসা করেন। মোস্তফা আরও জানান, দেশি কম্বল নারায়ণগঞ্জের গার্মেন্টস থেকে কেজি দরে রোল কিনে আনেন। তারপর কেটে সেলাই করে বিক্রি করেন। আর বিদেশি কম্বল আমদানিকারক ও পাইকারদের কাছ থেকে সংগ্রহ করেন।খোঁজ নিয়ে জানা গেল, নবাবপুরের ইলেকট্রিক ব্যবসায়ীরাই মূলত কোরিয়া ও চীন থেকে কম্বল আমদানি করেন। ইলেকট্রিক পণ্য কিনতে প্রায়ই ওই সব দেশে যাতায়াত করেন তাঁরা। মৌসুমি ব্যবসা হিসেবে লাভজনক হওয়ায় শীতের আগে কম্বল আমদানি করেন। এ ছাড়া ইসলামপুর ও চট্টগ্রামের বেশ কয়েকজন ব্যবসায়ীও কম্বল আমদানি করেন। বাজারে ১১০ থেকে ২০০ টাকায় এক পরতের দেশি কম্বল পাওয়া যায়। এ ছাড়া ৩৫০ থেকে ৭৫০ টাকায় এক বা দুই পরতের বিদেশি কম্বল বিক্রি হচ্ছে। ভালো মানের বিদেশি কম্বলের দাম দেড় হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হয়। তানিশা গার্মেন্টেসের মাসুদ রানা বলেন, গত বছর প্রায় তিন হাজার কম্বল বিক্রি হয়েছে। তবে এবার এখন বিক্রিবাট্টা সেভাবে শুরু হয়নি। পুরোপুরি শীত পড়লে ব্যবসা আরও জমবে।উত্তরবঙ্গের কম্বল: সিরাজগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের তাঁতিরা দীর্ঘদিন ধরে একধরনের কম্বল তৈরি করে আসছেন। এসব কম্বল উত্তরবঙ্গের ১৮ জেলায় বাজারজাত হয়। মূলত নিম্নবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষজন এই কম্বল দিয়ে শীত নিবারণ করেন।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক জানান, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুল দাইড়, বরশি ভাঙ্গা, কুনকুনিয়া ও সীমান্ত বাজার এখন কম্বলগ্রাম হিসেবে পরিচিত। শীত মৌসুম আসার আগে এই এলাকার অধিকাংশ লোক শীতবস্ত্র, বিশেষত কম্বল তৈরি এবং বিক্রির কাজে ব্যস্ত হয়ে পড়েন। জানা গেছে, এই চার গ্রামের প্রায় ২০০ লোক কম্বল ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদেন অধীনে কম্বল তৈরি কাজে নিয়োজিত আছেন দেড় সহস্রাধিক নারী-পুরুষ। এঁদের একমাত্র উপার্জনের পথ এই কম্বল তৈরি। এসব এলাকায় প্রধানত দুই ধরনের কম্বল তৈরি হয়। একটি পোশাকশিল্পে ব্যবহূত গরম কাপড়ের কর্তনকৃত ফেলে দেওয়া ঝুট কাপড় সেলাই করে। এতে শত শত টুকরো ঝুট কাপড় সেলাই করে কম্বল তৈরি করা হয়। অপরটি নতুন মোটা নরম প্রকৃতির থান কাপড় নির্দিষ্ট মাপে কেটে চারপাশে সেলাই করে। ঝুট কাপড়ের কম্বল ১০০ থেকে ৩০০ টাকায় এবং থান কাপড়ের কম্বল বিক্রি হয় ২০০ থেকে ৫০০ টাকায়। বরশি ভাঙ্গা গ্রামের ব্যবসায়ী মোখলেসুল হক জানান, গত বছর বিক্রি কম হওয়ায় এবার কম কম্বল তৈরি করেছিলেন। কিন্তু শীত শুরু হওয়ার আগেই পাইকাররা সব কিনে নিয়ে যান। আর অনেকেই আগাম কার্যাদেশ দিয়েছেন। আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খান জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পাঁচ কিলোমিটার পুবে অবস্থিত কিসামত কেশুরবাড়ী গ্রামটি এখন তাঁতযন্ত্রের খটখট শব্দে মুখরিত। কম্বল তৈরির কাজে ব্যস্ত নারী-পুরুষ। স্বাধীনতা-পরবর্তী সময়ে কিসামত কেশুরবাড়ি গ্রামে শুরু হয় তাঁত যন্ত্রের মাধ্যমে কম্বল তৈরির কাজ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। গ্রামে প্রায় ৫০০ পরিবারের বসবাস। তাঁদের অধিকাংশই কম্বল তৈরির কাজের সঙ্গে সম্পৃক্ত। তাঁরা সুতা ও পুরোনো সোয়েটারের উল দিয়ে কম্বল তৈরি করেন।গ্রামের তাঁতের মালিক গৌতম দেবনাথ বলেন, কেশুরবাড়ির কম্বল গ্রাম ও শহরের দরিদ্র ও নিমঞ্চ আয়ের মানুষের কাছে বেশ চাহিদা রয়েছে। কিন্তু সুতা ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এখন সাধারণ মানের একটি কম্বল তৈরি করতে খরচ পড়ে ১৭০ থেকে ১৮০ টাকা। বাজারে এসব কম্বল বিক্রি হচ্ছে ২০০ টাকায়।