কম্বোডিয়ার পোশাক খাতে মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘট
মাসে ন্যূনতম ১৬০ মার্কিন ডলার মজুরির দাবিতে কম্বোডিয়ার তৈরি পোশাকশিল্পে শ্রমিক ধর্মঘট তীব্র হয়ে উঠেছে।
এ অবস্থায় দেশটির পোশাকশিল্প-মালিকদের সংগঠন গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব কম্বোডিয়া (জিএমএসি) মালিকদের চলতি সপ্তাহজুড়ে কারখানা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।
নতুন মজুরির দাবিতে দেশব্যাপী শত শত পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক ধর্মঘট-আন্দোলনে যোগ দিয়েছেন। বিরোধী দল সিএনআরপির ডাকে ফ্রিডম পার্ক বা স্বাধীনতা উদ্যানে গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মহাসমাবেশে ১০ হাজারের বেশি পোশাকশ্রমিক যোগ দেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধী দল টানা দ্বাদশ দিনের মতো ওই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে।
পোশাক রপ্তানির মাধ্যমে কম্বোডিয়া বছরে ৫০০ কোটি ডলার আয় করে, যা দেশটির মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশ। কম্বোডিয়ায় বর্তমানে চার শতাধিক পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় চার লাখের বেশি শ্রমিক রয়েছেন।
কম্বোডিয়া সরকার পোশাকশিল্প-শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমান ৮০ ডলার থেকে ১৫ ডলার বাড়িয়ে ৯৫ ডলারে উন্নীত করার পরিকল্পনা হাতে নিয়েছে। সূত্র: দ্য কম্বোডিয়া ডেইলি।