কম্বোডিয়ায় পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার পোশাক প্রস্তুতকারকেরা সে দেশের পোশাক ও পাদুকাশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সম্মত হয়েছেন।দেশটির শ্রমমন্ত্রী ভং সাউথ, সমাজকল্যাণমন্ত্রী স্যামহেং, পোশাক প্রস্তুতকারক সমিতির (জিএমসিএ) সভাপতি ভ্যান সো লেং এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে মতৈক্য হয়েছে। সব শ্রমিক সংগঠন দ্রুত নিজেরা বসে ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়ে একটি অভিন্ন প্রস্তাব করবে, যার ভিত্তিতে মালিকদের সঙ্গে সমঝোতা করবে। আর আন্তর্জাতিক শ্রম সংস্থা বা এর প্রতিনিধি এই কাজে সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট সব পক্ষ আগামী ২৬ অক্টোবর আবার বৈঠকে বসবে ন্যূনতম মজুরি বৃদ্ধির হার নির্ধারণের জন্য।বর্তমানে কম্বোডিয়ায় মাসওয়ারি ন্যূনতম মজুরি ৬১ ডলার। সে দেশের শ্রমিক সংগঠনগুলো দাবি করেছে, খাদ্য ও জ্বালানির মূল্য বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা দুঃসাধ্য হয়ে গেছে। আর তাই তারা মাসিক ন্যূনতম মজুরি ১২০ ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছে।দেশটিতে বর্তমানে তৈরি পোশাক খাতে প্রায় সাড়ে তিন লাখ শ্রমিক কর্মরত, যাঁদের ৯১ শতাংশ নারী। গত বছর দেশটি ৪৬০ কোটি ডলারের পোশাক ও বস্ত্রসামগ্রী রপ্তানি করেছে। সূত্র: বাসস, সিনহুয়া।