কয়লার অভাবে নাটোরের ১৭৩টি ইটভাটা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লার অভাবে নাটোরের ১৯৮টি ইটভাটার মধ্যে ১৭৩টিই বন্ধ হয়ে গেছে এবং বাকিগুলোও বন্ধ হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতি।
সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, ইটভাটা বন্ধের ফলে মালিকদের প্রায় ৩০০ কোটি টাকার বিনিয়োগ এখন ঝুঁকির মুখে রয়েছে এবং ৩০ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়ছেন। এ কারণে সমিতির নেতারা সরকারের কাছে এ বছরের মূল্য সংযোজন কর (মূসক) মওকুফ ও দেশীয় খনি থেকে সরাসরি কয়লা সরবরাহের দাবি জানান।
স্থানীয় একটি হোটেলে গত সোমবার বিকেলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি সারওয়ার হোসেনসহ ইটভাটার মালিকেরা উপস্থিত ছিলেন।
শরিফুল ইসলাম জানান, কয়লার অভাবে জেলার অধিকাংশ ভাটা এবার ইট পোড়ানো শুরুই করতে পারেনি। অনেকগুলো শুরু করলেও বন্ধ হয়ে গেছে। আরও কয়েকটি বন্ধ হওয়ার পথে। তিনি জানান, ভারত রপ্তানি সীমিত করায় বর্তমানে প্রতি টন কয়লা কিনতে হচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকা দরে। দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাখনি থেকে গত বছর ৯ হাজার ২০০ টাকা টন দরে কয়লা বিক্রি হলেও সরকার এবার তা বাড়িয়ে ১৩ হাজার ৭০০ টাকায় নির্ধারণ করেছে। দালালদের দৌরাত্ম্যের কারণে ওই দরেও সরাসরি কয়লা কেনা যাচ্ছে না। এ অবস্থায় ইটের দর আগের চেয়ে হাজারপ্রতি প্রায় দুই হাজার টাকা বাড়িয়েও লোকসান গুনতে হচ্ছে।
শরিফুল ইসলাম বলেন, সরকার ইটভাটাপ্রতি ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূসক আরোপ করেছে। ভাটা বন্ধ থাকলেও এটা পরিশোধ করতে হবে। তাই ইট প্রস্তুত করলেও লোকসান হচ্ছে, না করলেও লোকসান হচ্ছে।