পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও জরুরি ভিত্তিতে কয়েক শ কারখানা পরিদর্শক নিয়োগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার।আইএলওর মহাপরিচালক বলেছেন, ‘বাংলাদেশে কয়েক দিন পর পরই পোশাক কারখানায় যে বিপর্যয় দেখা দেয়, তা এড়াতে যে দুটি পদক্ষেপ নেওয়া জরুরি তার একটি হচ্ছে, কারখানার নিরাপত্তা তদারকিতে পরিদর্শক নিয়োগ।’ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গাই রাইডার বলেন, বাংলাদেশের দুর্যোগপ্রবণ পোশাক খাতের জন্য বর্তমানে মাত্র ৫৫ জন পরিদর্শক নিয়োজিত আছেন। এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই ‘অপর্যাপ্ত’। কারণ, দেশটিতে পাঁচ কোটির বেশি শ্রমিক কর্মরত আছে।আইএলওর প্রধান বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব সরকারের। তবে সরকার আমাদের আহ্বান ও অনুরোধের পরও এ বিষয়ে তেমন সাড়া দেয়নি।’ তিনি মনে করেন, নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পশ্চিমা পোশাক ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে আরও জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি থেকে বছরে এক হাজার ৯০০ কোটি ডলার আয় করে, যা দেশটির মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশ—এমন তথ্য উল্লেখ করে গাই রাইডার বলেন, একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উচিত এই শিল্প ও এতে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা রাখা।আইএলওর মহাসচিব বলেন, বাংলাদেশের কারখানায় যথাযথ নিরাপত্তা তদারকিতে প্রশিক্ষণ দিতেও প্রস্তুত আইএলও। তবে তা অবশ্যই দেশটিতে উপযুক্ত শ্রম আইন পাস হওয়ার পরই দেওয়া হবে।গাই রাইডার মনে করেন, বাংলাদেশ সরকার তৈরি পোশাক খাতে ব্যাপক সংস্কার না আনলে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো শিগগিরই হয়তো পোশাক কেনার জন্য নতুন দেশ খুঁজতে শুরু করবে। সে ক্ষেত্রে মিয়ানমার বাংলাদেশের বড় প্রতিযোগী হয়ে দেখা দিতে পারে।আইএলওর প্রধান বলেন, ‘আমরা কয়েক বছর ধরেই বাংলাদেশে নতুন শ্রম আইন করার কথা বলে আসছি। নতুন আইনের খসড়া সম্প্রতি মন্ত্রিপরিষদে পাস হয়েছে। তবে আমরা এ দীর্ঘসূত্রিতার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি।’ নতুন আইনে শ্রমিকদের সংগঠন করার যথাযথ অধিকার দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।