মিজানুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। কয়েক বছর ধরে আয়কর দিচ্ছেন। প্রতিবারই নির্ধারিত কর অঞ্চলের কর সার্কেল কার্যালয়ে বার্ষিক আয়কর বিবরণী জমা দেন। এবার আয়কর বিবরণী জমা দিতে গিয়ে তিনি বিপাকে পড়েন। যথারীতি নিজের সার্কেল-৫-এ বিবরণী জমা দিতে গিয়ে জানতে পারেন তাঁর কর সার্কেল পরিবর্তন হয়ে গেছে। এখন সার্কেল-৫৪। তারপর অনেক খোঁজাখুঁজি করে সেই কর সার্কেলে গিয়ে নিজের আয়কর বিবরণী জমা দেন। মনির উদ্দিন তালুকদারের ঘটনাটা একটু ভিন্ন। তিনি তাঁর করের অর্থ আগের সার্কেলের বিবরণী অনুযায়ী পে-অর্ডার করেন। কিন্তু কর অঞ্চল পরিবর্তন হওয়ায় তিনি পড়েছেন বিপাকে। সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তারা তাঁর পে-অর্ডার গ্রহণ করবেন কি না, সেই সিদ্ধান্ত দিতে পারছেন না। এভাবে প্রতিদিন শত শত করদাতা নিজের কর অধিক্ষেত্র নিয়ে হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের কর অঞ্চল বা সার্কেল পরিবর্তন হওয়ায় তাঁরা ঠিকমতো আয়কর বিবরণী ও আয়করের অর্থ দিতে পারছেন না। অনেকে শেষ সময়ে এসে পড়েছেন বিপাকে। এ প্রসঙ্গে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এনবিআরের উচিত ছিল ব্যাপক প্রচারণার মাধ্যমে করদাতাদের নিজেদের অধিক্ষেত্রগুলো জানানো। কিন্তু এনবিআর সেটা করেনি। এতে সাধারণ করদাতারা হয়রানির শিকার হচ্ছেন।’ পুনর্বিন্যাস: সম্প্রতি এনবিআর সব কর অঞ্চল পুনর্বিন্যাস করেছে। আগে সারা দেশে ৩০৩টি কর সার্কেল ছিল। এখন এই কর সার্কেলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৯। এর মধ্যে ঢাকাতেই রয়েছে ৩৩০টি কর সার্কেল। কর সার্কেল দ্বিগুণ করে প্রায় ৩৫ লাখ কর শনাক্তকরণ নম্বরধারীকে (টিআইএন) অধিভুক্ত করা হয়েছে। এর ফলে অর্ধেকের বেশি করদাতার কর অঞ্চল পরিবর্তন হয়ে গেছে। তবে পুনর্বিন্যাসের বিষয়টি যথাযথভাবে প্রচারিত হয়নি। এনবিআর শুধু শেষ হওয়া আয়কর মেলায় এ-সংক্রান্ত কিছু লিফলেট ও ব্রশিওর বিতরণ করেছে। আর কর অঞ্চল পরিবর্তনের কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু কর সার্কেলের করদাতারা কোথায় অধিভুক্ত হয়েছেন তা এনবিআরের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর সদস্য এম এ কাদের সরকার গতকাল প্রথম আলোকে বলেন, ‘বেশি করদাতাকে সেবা প্রদান করতে করদাতার সংখ্যা কমিয়ে কর সার্কেল বাড়ানো হয়েছে। কোন ধরনের করদাতারা কোথায় অধিভুক্ত হয়েছেন তা আজকের রাতের (বৃহস্পতিবার দিবাগত রাতের মধ্যে) মধ্যেই এনবিআরের ওয়েবসাইটে (www.nbৎ-bd.oৎg) প্রকাশ করা হবে।’রাজধানীর কিছু পুনর্বিন্যাস: কর অঞ্চল-১-এর বারিধারা ও কালাচাঁদপুর এলাকার করদাতারা এখন কর অঞ্চল-৮-এর ১৭৪, ১৭৫ ও ১৭৬ সার্কেলে, উত্তর মডেল টাউনের করদাতারা কর অঞ্চল-৯-এর ১৮২, ১৮৫-১৮৬, ১৮৮, ১৯০-১৯৬ সার্কেলে আয়কর দেবেন। ধানমন্ডি এলাকার করদাতাদের নতুন অধিক্ষেত্র কর অঞ্চল-৬-এর ১১৫, ১১৬ ও ১২২ সার্কেল। আর কাঁঠালবাগান, হাতিরপুল ও সেন্ট্রাল রোডের করদাতারা কর দেবেন একই কর অঞ্চলের ১৩০ নম্বর সার্কেলে, আর কলাবাগান, শুক্রাবাদের করদাতাদের কর বিবরণী জমা দিতে হবে একই কর অঞ্চলের ১৩১ নম্বর সার্কেলে। যাত্রাবাড়ীর করদাতারা যাবেন কর অঞ্চল-১৩-এর ২৮১ সার্কেলে। কর অঞ্চল-৫-এর বনানী, বনানী ডিওএইচএস, গুলশানের করদাতারা কর অঞ্চল-৮-এর ১৫৮, ১৫৯, ১৬৩, ১৬৪ সার্কেলে কর জমা দেবেন। মহাখালী ও নিকেতন আবাসিক এলাকার করদাতাদের কর বিবরণী জমা দিতে হবে একই কর অঞ্চলের ২৯৫ ও ২৯৭ নম্বর সার্কেলে। মালিবাগ, শাহজাহানপুর ও শান্তিবাগ এলাকার করদাতাদের অধিক্ষেত্র কর অঞ্চল-১-এর ১৬ ও ১৭ নম্বর সার্কেল। নয়াপল্টন ও পুরানা পল্টনের করদাতাদের জন্য নতুন অধিক্ষেত্র কর অঞ্চল-১৫-এর ৩১৩ ও ৩১৯ নম্বর সার্কেল। লালমাটিয়া ও খিলজী রোড এলাকার করদাতারা কর দেবেন কর অঞ্চল-১০-এর ২১৩ ও ২১৬ নম্বর সার্কেলে। পল্লবী, কালসী, মিরপুর-১২-এর করদাতারা যাবেন কর অঞ্চল-৩-এর ৫৩ নম্বর সার্কেলে। আর মিরপুর-১০ ও পলাশনগরের করদাতাদের যেতে হবে একই কর অঞ্চলের ৬২ নম্বর সার্কেলে। মিরপুর-১৩-এর করদাতাদের নতুন অধিক্ষেত্র একই কর অঞ্চলের ৬০ নম্বর সার্কেলে। মিরপুর-১১-এর করদাতারা ৪৯ নম্বর সার্কেলে, আর মিরপুর-২, ৬-এর করদাতারা ৫৫ সার্কেলে, মিরপুর-২, ১-এর করদাতারা যথাক্রমে ৫৫ ও ৬৪ সার্কেলে কর দেবেন। পাইকপাড়া ও কল্যাণপুরের করদাতাদের নতুন অঞ্চল-১১-এর ২৩৬ সার্কেল। আর মণিপুর, পীরেরবাগ, শেওড়াপাড়ার করদাতারা বিবরণী জমা দিতে যাবেন একই কর অঞ্চলের ২৪০ ও ২৪১ নম্বর সার্কেলে। আর কাজিপাড়া, সেনপাড়া পর্বতা ও মিরপুর-১৪-এর করদাতাদের নতুন কর অঞ্চল-১১-এর ২৪০ ও ২৪২ সার্কেল। আগামী ৩০ সেপ্টেম্বর রোববার ব্যক্তিশ্রেণীর আয়করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার নিয়মিত সময়সীমা শেষ হচ্ছে। এনবিআরের সর্বশেষ হিসাবমতে, গতকাল পর্যন্ত চার লাখ টিআইএনধারী তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। ইতিমধ্যে ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিআই আয়কর বিবরণী জমার সময়সীমা বাড়ানোর দাবি করেছে। এনবিআরও বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং কর অধিক্ষেত্র পরিবর্তন হওয়ায় সৃষ্ট জটিলতার কারণে ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়ানো হতে পারে। তবে ৩০ সেপ্টেম্বরের আগে এ-সংক্রান্ত ঘোষণা নাও আসতে পারে। ২০১১-১২ অর্থবছরে সময় বাড়ানোর আবেদনকারীসহ ১০ লাখ ৫৬ হাজার ৪৫২ জন আয়কর বিবরণী জমা দিয়েছিলেন। আর এর আগেরবার সময় বাড়ানোর আবেদনসহ আয়কর বিবরণী জমা দিয়েছিলেন নয় লাখ দুই হাজার পাঁচজন টিআইএনধারী।