কর অঞ্চলগুলোর জন্য পৃথক কর্মকৌশল প্রণয়নের নির্দেশ
পর পর তিন অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জিত হওয়ায় ২০১২-১৩ অর্থবছরে শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়করের প্রতিটি কমিশনারেটকে পৃথক কর্মকৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিটি কমিশনারেটকে রাজস্ব আদায় বাড়াতে নিজস্ব অধিক্ষেত্রের উর্বর খাতগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে। এমনকি বকেয়া রাজস্ব আদায়ে জোর কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ২ আগস্ট সব কমিশনারকে নিয়ে এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। আর কমিশনারেটভিত্তিক পৃথক কর্মকৌশল এনবিআরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কমিশনারেট থেকে রাজস্ব আদায়ের পৃথক কর্মকৌশল পাঠানো হয়েছে।চলতি অর্থবছরের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো: ঝুঁকিপূর্ণ ও রাজস্ব আদায়ের দিক থেকে সংবেদনশীল প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা, বকেয়া রাজস্ব আদায় জোরদার করা, মামলার দ্রুত নিষ্পত্তি করা, প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো, আমদানি তথ্য সংগ্রহ ও যাচাই করা এবং নিয়মিত রাজস্ব আদায় পর্যালোচনাসংক্রান্ত সভা করা।এ ছাড়া লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের রাজস্ব প্রদানের গতি, প্রকৃতি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনা করে সার্কেল এবং বিভাগভিত্তিক মাসিক ও বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে করদাতাদের তথ্য ও পরামর্শ প্রদান কার্যক্রম সহজ করার উদ্দেশ্যে ব্যাপক প্রচারপত্র ও বুকলেট সরবরাহসহ সেবা ডেস্কের কার্যক্রম অধিকতর উন্নত করা হচ্ছে কর অঞ্চলগুলোতে।চলতি অর্থবছরের সেবা, বিশেষ করে হোটেল, মিষ্টান্ন ভান্ডার, তাপানুকূল লঞ্চ ও বাস সার্ভিস, কমিউনিটি সেন্টার, কুরিয়ার সার্ভিস প্রভৃতি খাত থেকে মূসক আদায়ে বিশেষ নজরদারি করা হবে। এ জন্য গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখবে। এ ছাড়া জোগানদার, ইজারাদার, বিজ্ঞাপনী সংস্থা, স্থাপনা ভাড়া, ব্যাংকিং সেবা থেকে উৎসে কর শতভাগ আদায়ে সরকারি ও আধা সরকারি ও অন্যান্য ফোরামের মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানা গেছে। বকেয়া রাজস্ব আদায়ে চলতি অর্থবছরে কর অঞ্চলগুলোকে জোর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কর অঞ্চলের পক্ষ থেকে তাদের পরিকল্পনার কথা জানিয়েছে। যেমন, মংলা কাস্টম হাউস বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কাছে ১১ কোটি ৫৩ লাখ টাকা পায়। এই টাকা উদ্ধারে উদ্যোগ নিয়েছেন এই কর অঞ্চলের কর্মকর্তারা। একই কর অঞ্চলের ২৯৬টি রিট মামলার কারণে ৫৩ কোটি ৬৪ লাখ টাকা পাওনা রয়েছে। এই মামলার রায় সরকারের পক্ষে নিয়ে আসার জন্য অ্যাটর্নি জেনারেল দপ্তরের সহায়তা কামনা করেছেন কর অঞ্চলের কর্মকর্তারা। বকেয়া কর ও রিট মামলায় কর আটকে থাকার ঘটনা প্রায় সব কর অঞ্চলে রয়েছে। এদিকে এবারও কর জরিপ অঞ্চল নতুন করদাতার সন্ধানে জরিপ চালাবে। মূলত বড় বড় মার্কেট ও পেশাজীবী সংগঠনেই এই জরিপ চলবে। প্রতিবছর জরিপের মাধ্যমে করযোগ্য ব্যক্তিদের করজালে আনলেও তাঁরা নিয়মিত বার্ষিক আয়কর বিবরণী জমা দেন কি না, তা পর্যবেক্ষণে রাখা হয় না। এ বছর এমন নতুন করদাতারা যাতে নিয়মিত আয়কর বিবরণী জমা দেন, সেই বিষয়ে বিশেষ প্রচারণা চালানো হবে। চলতি ২০১২-১৩ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। খাতওয়ারি আদায় লক্ষ্যমাত্রা হলো: মূসক ৪০ হাজার ৪৬৬ কোটি টাকা, আমদানি শুল্ক ১৪ হাজার ৫২৮ কোটি টাকা, রপ্তানি শুল্ক ৪০ কোটি টাকা, আবগারি শুল্ক ৯৯৭ কোটি টাকা, আয়কর ৩৫ হজার ৩০০ কোটি টাকা, সম্পূরক শুল্ক ১৯ হাজার ৯৬৯ কোটি টাকা, অন্যান্য কর ও শুল্ক ৯৫৯ কোটি টাকা। এনবিআরের সদস্য এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে অন্যবারের মতো এবার করদাতাদের সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম অব্যাহত থাকবে। এনবিআর এখন নিয়ন্ত্রণমূলক নয়, সেবামূলক মনোভাব নিয়ে কাজ করছে।