কর অবকাশ চান সোলার মডিউল নির্মাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরবিদ্যুৎ শিল্পের জন্য পৃথক নীতিমালা এবং কর অবকাশ সুবিধা চাইছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সংগঠনটি বলছে, বিদেশ থেকে নিম্নমানের সোলার প্যানেল আমদানির কারণে জনগণ ঠকছে। এ শিল্পের জন্য সুনির্দিষ্ট ও কার্যকর নীতিমালা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় বিনিয়োগকারীরাও। ঋণের উচ্চ সুদের হারসহ বিভিন্ন কারণে সৌর প্যানেল উৎপাদনকারী নয়টি প্রতিষ্ঠানের প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মুখে রয়েছে।
আজ বুধবার সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইডকলের হিসাব অনুযায়ী, দেশে ব্যবহৃত জ্বালানির মাত্র ১ শতাংশ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত। ২০২১ সালের মধ্যে জ্বালানি মিশ্রণে ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থাকবে বলে সরকার প্রাক্কলন করেছে। সে ক্ষেত্রে ২০২১ সালে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন ২ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে। এর মধ্যে সিংহভাগই হবে সৌরবিদ্যুৎ।

সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মূনাওয়ার মিসবাহ মঈন বলেন, সরকারের গৃহীত পরিকল্পনা অনুযায়ী ২০১৭ সাল নাগাদ আরও ৩০ লাখ পরিবারকে সৌরবিদ্যুৎ দেওয়ার কথা। সৌর প্যানেলের আমদানি বন্ধ না হলে সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা দেশের বাইরে চলে যাবে। তিনি বলেন, দেশে বর্তমানে বছরে সৌর প্যানেলের চাহিদা ৬০ মেগাওয়াট। এর বিপরীতে প্রায় ১০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে দেশীয় নয়টি প্রতিষ্ঠানের। অর্থাৎ চাহিদার পুরোটাই জোগান দেওয়ার সক্ষমতা দেশীয় উৎপাদনকারীদের রয়েছে। কিন্তু আমদানি করা প্যানেলের অসম মূল্যের প্রতিযোগিতায় টিকতে পারছে না স্থানীয় প্রতিষ্ঠানগুলো। দেশের সম্ভাবনাময় এ খাতকে বাঁচিয়ে রাখতে আমদানি করা প্যানেলের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করতে হবে।

এসএমএমএবির সিনিয়র সহসভাপতি মসিউর রহমান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ও সবুজ অর্থনীতির উন্নয়নে পরিবেশবান্ধব জ্বালানি সৌরবিদ্যুৎ একটি সম্ভাবনাময় খাত। কার্বন নিঃসরণ কমাতে এবং টেকসই জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে কার্যকর হাতিয়ার। তাই এই খাতকে বিকশিত করতে এটিকে ‘শুল্ক অব্যাহতি খাত’ হিসেবে বিবেচনা করার দাবি জানান তিনি।