কর অবকাশ চায় প্রাথমিক বস্ত্র খাত
কর অবকাশসুবিধায় নিজেদের অন্তর্ভুক্ত-করণের দাবি জানিয়েছেন প্রাথমিক বস্ত্র খাতের উদ্যোক্তারা। একই সঙ্গে এই সুবিধা ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান ২০১২-১৩ সালের প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। পাট, বস্ত্র ও সুতা খাতের সঙ্গে নির্ধারিত এ আলোচনায় এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে সরকার শিল্পগুলোর জন্য ২০১৩ সাল পর্যন্ত কর অবকাশসুবিধা বাড়ায়। কিন্তু টেক্সটাইল খাত এ সুবিধার আওতার বাইরে রয়েছে। তাদের দাবি, কর অবকাশসুবিধা থেকে বস্ত্র খাতকে বাদ দেওয়ায় বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে এবং ভবিষ্যতে এ খাতে শিল্প স্থাপন আরও নিরুৎসাহিত হবে। বস্ত্র খাতের উদ্যোক্তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে এনবিআরের চেয়ারম্যান বলেন, কর অবকাশসুবিধা এখনো এক অর্থবছর বাকি রয়েছে। সুতরাং এ দাবি তখন তুলবেন।এ ছাড়া এই খাতের আয়কর হার ১৫ শতাংশ অব্যাহত রাখা, বিকল্প নগদ সহায়তার ওপর ধার্য করা কর প্রত্যাহার করা, বিকল্প নগদ সহায়তা পাঁচ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা এবং পুরাতন মূলধনি যন্ত্রপাতিকে প্রাক-জাহাজীকরণ পরিদর্শন বা পিএসআইয়ের আওতার বাইরে রাখার দাবি জানানো হয়। দাবি জানানো হয় বস্ত্রশিল্পে ব্যবহূত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, রং রসায়ন পণ্যের শুল্ক ও কর প্রত্যাহার করা, বিকল্প নগদ সহায়তার ওপর ধার্য করা কর প্রত্যাহার করা, অ্যাক্রেলিক টো ও টপসের ওপর শুল্ক ও কর প্রত্যাহার করা, পলিয়েস্টার, স্ট্যাপল ফাইবারের এইচ এস কোড (পণ্য পরিচিতি কোড) সংশোধন করার। আলোচনায় বস্ত্র খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, বর্তমান মহাসচিব ফিরোজ আহমেদ, পরিচালক আবদুল মান্নান, ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহসভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। এ ছাড়া এনবিআর সদস্য নাসির উদ্দিন, সৈয়দ আমিনুল করিম, ফরিদ উদ্দিন, প্রথম সচিব ও প্রধান বাজেট সমন্বয়কারী আবদুর রউফ, এ এফ এম আবদুল্লাহ খান এ সময় উপস্থিত ছিলেন।