কর অবকাশ সুবিধাভোগী প্রতিষ্ঠানে নজরদারি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে বিনিয়োগের শর্তে যেসব কোম্পানি কর অবকাশ সুবিধা ভোগ করছে, সেসব কোম্পানি বাস্তবে পুঁজিবাজারে বিনিয়োগ করছে কি না, সে বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের প্রতি দাবি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।একই সঙ্গে যেসব কোম্পানি এই শর্ত পরিপালন করছে না, তাদের জরিমানার আওতায় আনার প্রস্তাব করেছে সিএসই।আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে সিএসই যেসব প্রস্তাব তুলে ধরেছে, তাতে এসব দাবি বা সুপারিশ করা হয়। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএসইর সভাপতি আল মারুফ খান বাজেট প্রস্তাবের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজিদ হোসেন।সিএসইর সভাপতি বলেন, ইতিমধ্যে এসব সুপারিশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।সিএসই তাদের বাজেট প্রস্তাবনায় প্রাতিষ্ঠানিক কর, ব্রোকারেজ হাউসের আয়কর হার কমানো, প্রিমিয়ামের ওপর আরোপিত কর প্রত্যাহার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মূলধনী লাভের ওপর আরোপিত কর কমানোর প্রস্তাব করেছে।সিএসই বলছে, কোনো প্রতিষ্ঠান ন্যূনতম এক থেকে দুই বছর শেয়ার ধরে রেখে মূলধনী মুনাফা করলে সেই লাভের ওপর সাড়ে ৭ শতাংশ হারে এবং দুই বছরের বেশি সময় শেয়ার ধরে রেখে তা থেকে অর্জিত মুনাফার ওপর ৫ শতাংশ হারে করারোপের সুপারিশ করেছে সিএসই।বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মূলধনী লাভের ওপর ১০ শতাংশ হারে কর নির্ধারিত রয়েছে।এ ছাড়া যেসব কোম্পানি শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত হবে, সেসব কোম্পানিকে তালিকাভুক্তির প্রথম বছরে ১৫ শতাংশ হারে কর রেয়াত সুবিধা দেওয়ার কথা বলেছে সিএসই। সিএসই বলছে, যে বছর নতুন কোম্পানি বাজারে তালিকাভুক্ত হয়, সে বছর ওই কোম্পানির অতিরিক্ত টাকা খরচ হয়। ওই টাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকেই ব্যয় করা হয়ে থাকে। সিএসইর সভাপতি বলেন, ‘বিদ্যমান সুবিধা অনুযায়ী তালিকাভুক্ত যেসব কোম্পানি ২০ শতাংশের বেশি লভ্যাংশ দেয়, সেসব কোম্পানি ১০ শতাংশ হারে কর রেয়াত সুবিধা পেয়ে থাকে। আমরা বলেছি, যেসব কোম্পানি ২০ থেকে ২৫ শতাংশ হারে লভ্যাংশ দেয়, তাদের ১০ শতাংশ হারে এবং যেসব কোম্পানি ২৫ শতাংশের বেশি লভ্যাংশ দেয়, তাদের ১৫ শতাংশ হারে কর রেয়াত সুবিধা দিতে।’আল মারুফ খান আরও বলেন, ‘সরকার শেয়ারবাজারে বিনিয়োগের শর্তে কিছু কোম্পানিকে কর অবকাশ সুবিধা দিলেও বাস্তবে কী হচ্ছে, তা আমরা কেউ জানি না। তাই আগামী বাজেটে এ ব্যাপারে এনবিআরের নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। যারা শর্ত পরিপালনে ব্যর্থ হবে, তাদের করমুক্ত আয়ের ওপর ১০ শতাংশ হারে জরিমানার সুপারিশ করা হয়েছে।’এ ছাড়া অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুবিধা আরও এক বছর বা আগামী বাজেটেও অব্যাহত রাখার সুপারিশ করেছে সিএসই। সেই সঙ্গে ব্রোকারেজ হাউস বা স্টক এক্সচেঞ্জের সদস্যদের লেনদেনের ওপর আরোপিত করের হার কমিয়ে শূন্য দশমিক ০১৫ শতাংশ (০.০১৫%) করার কথা বলেছে সিএসই।