কর অবকাশভোগী প্রতিষ্ঠানকে নিবিড় পর্যবেক্ষণের সুপারিশ
কর অবকাশ-সুবিধাপ্রাপ্ত শিল্পকারখানার বিনিয়োগ নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনার প্রস্তাব করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নেতারা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী কর অবকাশ-সুবিধাপ্রাপ্ত কোম্পানিগুলোর মোট আয়ের ৪০ শতাংশ বিনিয়োগের কথা বলা আছে। যার মধ্যে ৩০ শতাংশ একই শিল্পে পুনর্বিনিয়োগ এবং ১০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের বিধান রয়েছে।বর্তমানে কর অবকাশ-সুবিধাপ্রাপ্ত কোম্পানিগুলো সেই বিধান যথাযথভাবে পরিপালন করছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন জানিয়েছে সিএসই। ২০১৩-১৪ সালের আসন্ন বাজেট সামনে রেখে সিএসইর পক্ষ থেকে লিখিত বাজেট প্রস্তাবে এই আবেদন তুলে ধরা হয়।এদিকে বাজেট সামনে রেখে গত শনিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), সিএসই ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে বৈঠক করেছে এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে এনবিআর কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএসইর প্রস্তাবে লভ্যাংশ কর সীমা বাড়ানো, প্রাতিষ্ঠানিক কর হ্রাসসহ বেশ কিছু প্রস্তাব করা হয়। বৈঠকে বিএসইসির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী, সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন অংশ নেন।