কর অবকাশের ধরন পাল্টেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর অবকাশ-সুবিধার মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। শিল্প ও ভৌত খাতের ১৭টি করে মোট ৩৪টি খাতে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত এই সুবিধা রাখা হয়েছে। তার মানে এই সময়ের মধ্যে উদ্যোক্তাকে কর অবকাশ-সুবিধা নেওয়ার আবেদন করতে হবে। তবে ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩০ জুনের মধ্যে এসব খাতের উদ্যোক্তাদের বিনিয়োগ ও বাণিজ্যিক উৎপাদন বা কার্যক্রম শুরুর শর্তে ক্রম হ্রাসমান হারে কর অবকাশ-সুবিধা পাবেন। এর পর থেকে কর অবকাশ-সুবিধার রেয়াতি হার প্রযোজ্য হবে। প্রসঙ্গত, চলতি জুন মাসেই সুবিধা শেষ হওয়ার কথা ছিল।

তবে অন্য বছরের মতো কর অবকাশ-সুবিধা আর পাওয়া যাবে না। কর অবকাশ-সুবিধা বছরভিত্তিক সমানুপাতিক হারে হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। এতে একদিকে উদ্যোক্তারা লাভবান হবেন, অন্যদিকে সরকারের রাজস্ব ক্রমান্বয়ে বাড়বে বলে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন।

শিল্প খাতের উন্নত ও অনুন্নত এলাকাভেদে যথাক্রমে পাঁচ ও সাত বছর এবং ভৌত অবকাঠামো খাতে ১০ বছরের জন্য কর অবকাশ-সুবিধা থাকবে।

১৭টি শিল্পের কর অবকাশ-সুবিধার অন্যতম খাত হলো বায়োটেকনোলজি, বায়োফার্টিলাইজার, পেট্রোকেমিক্যাল, কম্পিউটার হার্ডওয়্যার, কমপ্রেসার, ওষুধ, ইলেকট্রনিকস। আর অপর ১৭টি ভৌত অবকাঠামোর অন্যতম খাত হলো গভীর সমুদ্রবন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়ালসড়ক, হাইটেক পার্ক, মনোরেল, টোল সড়ক, ভূগর্ভস্থ রেল, গাসপাইপ লাইন, সমুদ্র ও নৌবন্দর।

পাঁচ বছরের সুবিধা ও কর হার: পাঁচ বছরের জন্য যেসব স্থানে কর অবকাশ-সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, রাঙামটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যেকোনো স্থানে। আর এসব এলাকায় শিল্প স্থান করলে প্রথম দুই বছর শতভাগ বা ১০০ শতাংশ কর অবকাশ-সুবিধা থাকবে। আর তৃতীয় বছরে ৬০ শতাংশ, চতুর্থ বছরে ৪০ শতাংশ ও পঞ্চম বছরে ২০ শতাংশ কর অবকাশ-সুবিধা থাকবে। এর মানে হলো ওই প্রতিষ্ঠানকে তার মোট আয়ের উল্লিখিত আয়ের (শতাংশ) ওপর কর দিতে হবে না।

সাত বছরের সুবিধা ও কর হার: সাত বছরের জন্য যেসব স্থানে কর অবকাশ-সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগ এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার যেকোনো স্থান। আর এসব এলকায় শিল্প স্থাপন করলে প্রথম দুই বছর শতভাগ বা ১০০ শতাংশ। তৃতীয় বছরে ৭০ শতাংশ, চতুর্থ বছরে ৫৫ শতাংশ, পঞ্চম বছরে ৪০ শতাংশ, ষষ্ঠ বছরে ২৫ শতাংশ এবং সপ্তম বছরে ১০ শতাংশ কর অবকাশ-সুবিধা পাওয়া যাবে।

১০ বছরের সুবিধা ও কর হার: গভীর সমুদ্রবন্দর, উড়ালসড়ক, মনোরেলের মতো ১৭ ধরনের বড় ভৌত অবকাঠামো নির্মাণের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে। এই ধরনের বড় ভৌত অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে স্থানের উপযোগিতা সরকার ও উদ্যোক্তার ওপর নির্ভর করবে।

এই ধরনের অবকাঠামো নির্মাণে প্রথম দুই বছর শতভাগ কর অবকাশ-সুবিধা পাওয়া যাবে। তৃতীয় বছরে ৮০ শতাংশ কর অবকাশ-সুবিধা পাওয়া যাবে। এরপর প্রতিবছর এই সুবিধা ১০ শতাংশ হারে কমতে থাকবে। দশম বছরে এসে উদ্যোক্তা ১০ শতাংশ কর অবকাশ-সুবিধা পাবেন।