আগামী অর্থবছরের বাজেটে বিদ্যমান কর অবকাশসুবিধার মেয়াদ আরও তিন থেকে পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এ ছাড়া বাজেট অধিবেশনেই নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইনের খসড়াটি অনুমোদনের জন্য উঠতে পারে।গতকাল বুধবার প্রস্তাবিত আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) আইনের খসড়ার ওপর আলোচনা করতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ এবং এনবিআরের সদস্য (আয়কর নীতি) আমিনুর রহমান এক সেমিনারে এসব কথা বলেন।এ সময় তাঁরা কর ফাঁকি রোধ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা সনদপ্রাপ্ত হিসাববিদদের কাছে সহযোগিতা চান। তাঁদের রাজস্ব আদায়ে এনবিআরের তথা সরকারের সহযোগী হিসেবে কাজ করাও আহ্বান জানানো হয়।রাজধানীর কারওয়ান বাজারে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএবি) নিজস্ব কার্যালয়ে এ দুটি আইনের খসড়ার ওপর এই সেমিনারের আয়োজন করা হয়।আইসিএবির সাবেক সভাপতি এম জে আবেদীনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বর্তমান সভাপতি পারভিন মাহমুদ ও সহসভাপতি আবদুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএবির সহসভাপতি সাহাদাত হোসেন, কর পরামর্শক ও সাহা মজুমদার অ্যান্ড কোম্পানির অংশীদার সি আর মজুমদার এবং বার্জার পেইন্টস বাংলাদেশের কোম্পানি সচিব ও পরিচালক (অর্থ) আবদুল খালেক।সিএদের রাজস্ব আদায়ের সহযোগী হিসেবে মন্তব্য করে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘আপনারা মূসক আদায়ে সহযোগী হিসেবে কাজ করতে পারেন। আপনাদের সেই যোগ্যতা রয়েছে। প্রস্তাবিত আয়কর ও মূসক আইনের ওপর আপনাদের মতামত নেওয়া হবে।’এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, সামগ্রিক ও সমন্বিত দৃষ্টিভঙ্গিতে প্রস্তাবিত আয়কর ও মূসক আইনে আদায়-প্রক্রিয়া ও নীতিকে সমন্বয় করা হয়েছে। এত দিন শুধু আইনে রাজস্ব আদায় বাড়ানোর বিষয়টিকে জোর দেওয়া হতো। প্রস্তাবিত আইনগুলোতে রাজস্ব প্রদানকারীরা যাতে সহজেই অর্থ পরিশোধ করতে পারেন, সেই ব্যবস্থার ওপরও জোর দেওয়া হচ্ছে।তিনি আরও জানান, আগামী অর্থবছর থেকেই নতুন মূসক আইন বাস্তবায়নের লক্ষ্যে এনবিআর কাজ করছে। এবারের বাজেট অধিবেশনেই এটি সংসদে উঠতে পারে।সেমিনারে আমিনুর রহমান বলেন, বেসরকারি কোম্পানিগুলো কখনো লভ্যাংশ ঘোষণা করে না; কিন্তু প্রতিবছর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের জন্য দামি দামি গাড়ি কেনে। এমনও দেখা গেছে, পাঁচ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানি দুই কোটি টাকার গাড়ি কিনেছে।তিনি আরও বলেন, গত এক বছরে ২০০ বিএমডব্লিউ গাড়ি বিক্রয় করা হয়েছে। এর সবই কেনা হয়েছে কোম্পানির নামে, কোনো ব্যক্তির নামে নয়। এই ধরনের প্রক্রিয়ায় কর ফাঁকি রোধে তিনি সিএদের সহযোগিতা কামনা করেন।আমিনুর রহমান জানান, আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটে অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদে কর অবকাশসুবিধা দেওয়ার চিন্তাভাবনা চলছে।প্রসঙ্গত, চলতি অর্থবছরের জুন মাসে কর অবকাশসুবিধার মেয়াদ শেষ হচ্ছে। এই সুবিধা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এটা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন কর অবকাশের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে।এম জে আবেদীন বলেন, ভ্যাট হলো একটি হিসাবনির্ভর কর। এতে সিএরা সাহায্য করতে পারেন। এ ছাড়া প্রস্তাবিত আইনে আয়বর্ষ ও হিসাববর্ষ একীভূত করে করবর্ষ করার সুপারিশ করা হয়েছে। তিনি করবর্ষের পূর্ণাঙ্গ ব্যাখ্যা আইনে সন্নিবেশিত করার প্রস্তাব করেন।সাহাদাত হোসেন তাঁর প্রবন্ধে বলেন, বিদ্যমান আইনে গৃহসম্পত্তি থেকে অর্জিত অর্থ করের আওতায় আনা হয়েছিল। খসড়া আইনে শুধু সম্পত্তি থেকে আয়কে করের আওতায় আনা হয়েছে। এতে করদাতাদের কাছে ভুল সংকেত যেতে পারে।প্রস্তাবিত সম্পত্তি কর সম্পর্কে তিনি আরও বলেন, এতে করদাতার ওপর করের বোঝা বাড়বে। কী পরিমাণ সম্পত্তি থাকা সত্ত্বেও করদাতারা রেয়াত পাবেন, তা বিস্তারিত তুলে ধরার সুপারিশ করেন তিনি।আবদুল খালেক মূসক প্রদানকারীর জন্য সম্মাননা কার্ড প্রবর্তনের প্রশংসা করে বলেন, এটি একটি করবান্ধব উদ্যোগ। তবে তিনি প্রস্তাবিত মূসক আইনে দণ্ড আরও কমানোর পক্ষে মত দেন।সি আর মজুমদার জানান, প্রস্তাবিত আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগটি ভালো। এতে আদালতের বাইরে কর-সংক্রান্ত আপত্তিগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। তবে এ ছাড়া সম্পত্তি কর আরোপের ফলে করদাতার করের বোঝা আরও বাড়বে বলে তিনি মত দেন।