কর অবকাশের মেয়াদ বাড়ানোর জন্য মেট্রো চেম্বারের সুপারিশ
শিল্পখাতে কর অবকাশ সুবিধার মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। কর অবকাশ সুবিধার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে এমসিসিআই বলেছে, দ্রুত শিল্পায়ন এখনো অগ্রাধিকার বিষয়। দেশের শিল্পায়ন প্রবৃদ্ধি এখন সন্তোষজনক পর্যায়ে নেই। তাই কর অবকাশ বাড়ানো প্রয়োজন।কর অবকাশ সুবিধার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর পাশাপাশি এর আওতা বৃদ্ধি করে কৃষিভিত্তিক শিল্পও অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করে এমসিসিআই। কৃষি প্রক্রিয়াকরণ শিল্পগুলোর মধ্যে স্বয়ংক্রিয় চালকল, স্ন্যাকস, টমেটো পাল্প, পেস্ট, সস, কেচাপ, জুস, গুঁড়া মসলা, তেঁতুল, জলপাই, লেবুর আচার, চাটনি, সরিষার তেল ইত্যাদি প্রস্তুতকরণ শিল্প অন্তর্ভুক্ত করা দরকার বলে উল্লেখ করেছে মেট্রো চেম্বার।উল্লেখ্য, আগামী জুন মাসে কর অবকাশ সুবিধার মেয়াদ শেষ হচ্ছে। মেট্রো চেম্বার ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত সীমা বাড়ানোরও প্রস্তাব করেছে। এ ছাড়া শুল্কস্তর পুনর্বিন্যাস করা এবং প্রাতিষ্ঠানিক কর হার কমানোরও সুপারিশ করেছে এই ব্যবসায়ী সংগঠনটি। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদের কাছে আগামী ২০১১-১২ অর্থবছরের বাজেটের জন্য এমসিসিআই যেসব প্রস্তাব দাখিল করেছে, তাতে এসব সুপারিশ উঠে এসেছে। এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে বাজেটের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। আয়কর: আগামী বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত সীমা সাধারণ করদাতার জন্য আড়াই লাখ টাকা, নারী ও বয়স্ক নাগরিকের জন্য তিন লাখ টাকা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে তিন লাখ ২৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব দিয়েছে এমসিসিআই। বর্তমানে এই হার যথাক্রমে এক লাখ ৬৫ হাজার টাকা, এক লাখ ৮০ হাজার টাকা ও দুই লাখ টাকা। ব্যক্তিক্ষেত্রে সর্বোচ্চ করের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করারও প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক করারোপের ক্ষেত্রে আগামী পাঁচ বছরে সর্বোচ্চ কর পর্যায়ক্রমে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছে এমসিসিআই। ব্যাংকের অতিরিক্ত মুনাফার ওপর কর প্রত্যাহারের দাবি জানিয়ে এমসিসিআই বলছে, সাড়ে ৪২ শতাংশ প্রাতিষ্ঠানিক কর দেওয়ার পরও মূলধন ও সঞ্চয়ের ওপর ৫০ ভাগের বেশি লাভ হলে অতিরিক্ত কর দিতে হয়। যেকোনো পণ্য আমদানিকালে আমদানিকারকের কাছ থেকে পাঁচ শতাংশ অগ্রিম কর কর্তন করা হয়। এই কর হার দুই শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে এমসিসিআই। প্রিমিয়ামে শেয়ার বিক্রির ওপর কর আরোপের বিধান প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ইপিজেডের মতো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ওপর আয়কর প্রত্যাহারের দাবি করা হয়েছে। এ ছাড়া বড় প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের পরিধি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বর্তমানে ২২টি খাতে সামাজিক দায়বদ্ধতার অর্থ ব্যয় করলে ১০ শতাংশ কর রেয়াত পাওয়া যায়। আমদানি পর্যায়ে শুল্ক: কর বৈষম্য দূরীকরণে আমদানি পর্যায়ে শুল্কস্তর পুনর্বিন্যাস করার সুপারিশ করেছে এমসিসিআই। এমসিসিআইয়ের প্রস্তাব অনুযায়ী, মূলধনী যন্ত্রপাতিতে দেড় শতাংশ, মৌলিক কাঁচামালে আড়াই শতাংশ, মধ্যবর্তী কাঁচামালে সাড়ে ৭ শতাংশ এবং আধা প্রস্তুত ও প্রস্তুত পণ্যে ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করা উচিত।জেনারেটরের মাধ্যমে ডিজেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তাই ডিজেল অয়েলের ওপর শুল্ক প্রত্যাহার করারও দাবি জানিয়েছে এমসিসিআই নেতারা। এ ছাড়া উৎপাদন পর্যায়ে দুধের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহার ও কৃষিখাতে ব্যবহূত ট্রাক্টরের ওপর শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।বাজেট প্রস্তাবনায় এমসিসিআই বলেছে, বর্তমানে কম্প্যাক্ট ফ্লুরেসেন্ট ল্যাম্পের (সিএফএল) পার্টসের ওপর কোনো ধরনের শুল্ক ও কর নেই। কিন্তু সিএফএল সার্কিটের মূল উপাদান পিসিবি, ট্রানজিস্টর, কার্বন কোর কয়েল, ক্যাপাসিটর, ডিওডি, রেসিস্টর ও ফিওজের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করা উচিত। বর্তমানে এসব উপাদানে ৫ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ রয়েছে।মূল্য সংযোজন কর (মূসক): ১৫ শতাংশ ভ্যাট আদায়ের উৎসে কর কর্তনের বিধান প্রত্যাহার করার দাবি জানিয়েছে এমসিসিআই। সব ধরনের ভোগ্য পণ্যের ওপর ব্যান্ডরোল প্রথা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সরকারি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মতো সংশ্লিষ্ট খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মূসকের আওতামুক্ত রাখার সুপারিশ করা হয়েছে। দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার ও ওষুধের নমুনা মূসকের আওতামুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া কাস্টমস, মূসক ও আয়কর কর্মকর্তাদের স্বেচ্ছাধীন ক্ষমতা কমানোর প্রস্তাব করেছে এমসিসিআই।