দেশের ব্যবসায়ী সম্প্রদায় কোম্পানিগুলোকে আরও বেশি কর প্রণোদনা তথা অব্যাহতি প্রদানের মাধ্যমে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমে বিনিয়োগে উৎসাহিত করতে সরকারকে পরামর্শ দিয়েছেন, যাতে সিএসআর কার্যক্রমের ক্ষেত্রটি অধিকতর প্রসারিত হয়।ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) কর্তৃক স্টেটিউটরি রেগুলেটরি অর্ডারের (এসআরও) ওপর পরিচালিত এক জরিপে এই অভিমত উঠে এসেছে।এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমানসহ কর্মকর্তারা গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের হাতে এসআরও-সংক্রান্ত এই জরিপের সুপারিশমালা তুলে দেন।এ সময় এনবিআরের সদস্য (করনীতি) মো. আমিনুর রহমান, এমআরডিআইয়ের পরিকল্পনা ও উন্নয়ন উপদেষ্টা মো. সাহিদ হোসেন এবং প্রোগ্রাম অফিসার আক্তারুন নাহার উপস্থিত ছিলেন। এমআরডিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে জানানো হয়, এসআরও পর্যালোচনা-প্রক্রিয়ায় করপোরেট সংগঠন, উন্নয়ন-সহযোগী ও বিশিষ্টজনসহ ৫৮টি প্রতিষ্ঠানকে জড়িত করা হয়। উল্লিখিত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কাছ থেকে প্রাপ্ত মতামত সংকলিত করে এই সুপারিশমালা প্রস্তুত করা হয়।