এ সপ্তাহের সাক্ষাৎকার: প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধিসহ আয়করের বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে তাঁর কার্যালয়ে কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়করনীতির সদস্য সৈয়দ আমিনুল করিম
কর অব্যাহতির সুযোগ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে
প্রথম আলো: বাংলাদেশের করব্যবস্থা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে?সৈয়দ আমিনুল করিম: করব্যবস্থা এখন আগের চেয়ে উন্নততর। করহার ক্রমান্বয়ে প্রগ্রেসিভ করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ যাঁদের আয় বেশি তাঁরা বেশি কর দেবেন। আয়করের মূল উদ্দেশ্য হলো ধনী-গরিবের মধ্যে বৈষম্য কমানো। আমরা তা কার্যকর করতে নানা উদ্যোগ নিয়েছি। যেমন, গত বছর দুই কোটি টাকার বেশি সম্পদের অধিকারী করদাতাদের আয়করের ওপর ১০ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হয়েছে। করব্যয় কমানো বা কর অব্যাহতির সুযোগ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দেশে কর অব্যাহতির সংস্কৃতি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে। আর জাতীয় গুরুত্বপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রসমূহে যথোপযুক্ত প্রণোদনা দেওয়া হচ্ছে যেন বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পায়।প্রথম আলো: নতুন আয়কর আইন প্রণীত হচ্ছে। এই আইনের মূল দর্শন কী?সৈয়দ আমিনুল করিম: নতুন আয়কর আইনের মূল দর্শন হলো: জনগণের কাছে সহজে পরিপালনীয় করব্যবস্থা প্রণয়ন করা, জনগণ যাতে সহজে হয়রানিমুক্ত পরিবেশে আয়কর দিতে পারেন তা নিশ্চিত করা। আগামী ডিসেম্বর মাসের মধ্যে আয়কর আইনের খসড়া চূড়ান্ত করা হবে বলে আশা করি। সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিদের সঙ্গে এই আইনের খসড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনের একটি খসড়া এনবিআরের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। প্রথম আলো: মূল্য হস্তান্তর (ট্রান্সফার প্রাইসিং) নিয়ে নতুন অনুচ্ছেদ আয়কর অধ্যাদেশে সন্নিবেশিত করা হয়েছে। এর উদ্দেশ কী?সৈয়দ আমিনুল করিম: রাজস্ব আদায় ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্দেশ্যে এই নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে। এই পদ্ধতিতে বড় বড় বহুজাতিক কোম্পানির মুনাফার অর্থ স্থানান্তরের প্রক্রিয়াটি গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হবে। সাধারণত, যেসব দেশে করহার কম, সেসব দেশে বেশি করহার রয়েছে এমন দেশের বহুজাতিক কোম্পানিগুলো নানা কৌশলে মুনাফার অর্থ স্থানান্তর করে। এতে রাজস্ব হারায় বেশি করহারের দেশগুলো। জাতিসংঘের একটি সমীক্ষায় দেখা গেছে, ‘ক্যাপিট্যাল ফ্লাইট’ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ১৮০ কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে। আমরা বিশ্লেষণ করে দেখেছি, এতে প্রতিবছর এক হাজার কোটি টাকার রাজস্ব হারায় এনবিআর। ট্রান্সফার প্রাইসিং অনুচ্ছেদটি পুরোদমে পরিপালন করতে পারলে রাজস্ব আদায় বাড়বে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডে একটি বিশেষ সেল করা হয়েছে। আর কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি করতে ইতিমধ্যে ২০ জন কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম আলো: বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালু হয়েছে। এই প্রথার সুফল কতটা পাওয়া যাচ্ছে?সৈয়দ আমিনুল করিম: এটি এক ধরনের কর ব্যবস্থাপনার সংস্কার, তাই কার্যকর করতে একটু সময় লাগবে। জুন মাস পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য আয়করসংক্রান্ত ২৮টি আবেদন জমা পড়েছে। প্রথম আলো: করদাতাদের হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। হয়রানি কমাতে এনবিআর কী ধরনের উদ্যোগ নিয়েছে?সৈয়দ আমিনুল করিম: আগের চেয়ে হয়রানির অভিযোগ কমে আসছে। আয়কর মেলা আয়োজনের মাধ্যমে করদাতাদের সরাসরি কর দেওয়ার সব সুবিধা দেওয়া হচ্ছে। এতে হয়রানি লাঘব হচ্ছে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে করদাতাদের সেবাকেন্দ্র চালু করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে রাজশাহী ও খুলনায় এ ধরনের সেবাকেন্দ্র চালু হবে। এই সেবাকেন্দ্রে করদাতারা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া, রিটার্ন জমাসহ যাবতীয় তথ্য-উপাত্তের সহায়তা পাওয়া যাবে এই সেবাকেন্দ্রে। এছাড়া অর্থনৈতিকভাবে সঞ্চরণশীল ৮৫টি উপজেলায় নতুন কর কার্যালয় স্থাপন করা হয়েছে। [সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]