কর আছে কর নেই
আগামী অর্থবছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের যেমন কর ছাড় দিয়েছেন; তেমনি কর আদায়ের ক্ষেত্র বাড়িয়েছেন অর্থমন্ত্রী। এ নিয়ে আজকের আয়োজন
এবারও আড়াই লাখ টাকা আয় হলেই কর
প্রস্তাব: ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা বহাল রাখা হয়েছে।
প্রভাব: আপনি যদি গত জুন মাস থেকে আগামী জুলাই মাস পর্যন্ত আড়াই লাখ টাকার বেশি আয় করেন, তবে আপনাকে কর দিতে হবে। গতবারও করমুক্ত আয়সীমা এটাই ছিল। করমুক্ত আয় বহাল থাকায় অনেকের জন্য সুখকর না-ও হতে পারে। যাঁরা গতবার আড়াই লাখ টাকার কাছাকাছি গিয়ে করজালের বাইরে ছিলেন, কিন্তু এবার বেতন-ভাতা বৃদ্ধি পাওয়ায় সেই সীমা পেরিয়ে যাচ্ছেন, তাঁদের ভুগতে হবে। তাঁরা করজালে আটকে যাবেন। করমুক্ত আয়সীমা না বাড়িয়ে অর্থমন্ত্রী একটি ফাঁদ পেতেছেন। বেশি লোক করজালে আটকে যাবেন।
এর ফলে যেসব সরকারি কর্মকর্তা নতুন স্কেলে বেতন-ভাতা পুরোটা পেয়েছেন, তাঁদের অনেকেই করজালে আটকাবেন।
তবে প্রতিবন্ধী করদাতারা কিছুটা স্বস্তি পাবেন। তাঁদের ন্যূনতম করমুক্ত সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া করমুক্ত আয় থাকবে নারী ও ৬৫ বছর বা এর চেয়ে বেশি বয়সের করদাতাদের ৩ লাখ টাকা; গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সোয়া ৪ লাখ টাকা।
প্রতিবন্ধীদের পিতা-মাতার স্বস্তি আসবে
প্রস্তাব: প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতা ও আইনানুগ অভিভাবকদের করমুক্ত আয়সীমা সব শ্রেণির ক্ষেত্রে ২৫ হাজার টাকা বেশি হবে।
প্রভাব: এতে প্রতিবন্ধী সন্তানের পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকেরা একটু স্বস্তি পাবেন। প্রতিবন্ধী সন্তানের জন্য তাঁরা আগের চেয়ে বেশি খরচ করতে পারবেন।
তামাকের আয়ের ওপর সারচার্জ
প্রস্তাব: সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত পণ্য প্রস্তুতকারী কারদাতাদের ওই সব ব্যবসা থেকে আয়ের ওপর আড়াই শতাংশ সারচার্জ বসবে।
প্রভাব: এই সারচার্জ কিন্তু করের ওপর নয়। আয়ের ওপর বসবে। তাই এই সারচার্জ সেই সারচার্জ নয়। অন্যবারের মতো সম্পদের ওপর সারচার্জের হার আগের মতোই একই ভাবে বসবে। স্বাস্থ্যহানিকর তামাক ব্যবসায়ীদের এটা অনেকটা জরিমানার মতো।
অনলাইনেই সবকিছু
প্রস্তাব: কর ব্যবস্থাপনাকে ডিজিটাল করতে অনলাইনে রিটার্ন, আপিল আবেদন, করদাতার হিসাব, বিবরণী, দলিল উপাত্ত অনলাইনে দাখিল করা যাবে।
প্রভাব: করদাতার সঙ্গে কর কর্মকর্তার দেখা হবে না। ঘুষ বা অনৈতিক লেনদেন অনেকাংশে কমবে বলে আশা করা যায়।
সম্পদ না দেখালে চলবে
প্রস্তাব: মোট সম্পদের পরিমাণ ২৫ লাখ টাকার কম হলে তা আয়কর বিবরণী জমার সময় সম্পদ বিবরণী ঐচ্ছিক করা হয়েছে। ২০ লাখ টাকা পর্যন্ত সম্পদ থাকলে সম্পদ বিবরণী জমা দেওয়া ঐচ্ছিক রয়েছে।
প্রভাব: মধ্যবিত্তরা কিছুটা ছাড় পাবেন। যাঁদের বাড়ি-গাড়ি, ফ্ল্যাট, জমিজমা নেই; বেতন-ভাতা কিংবা ছোটখাটো ব্যবসা থেকে আয় করেন; তাঁরাই এ ছাড় পাচ্ছেন। প্রান্তিক করদাতারা এ সুবিধা পাবেন।
বাড়ি-গাড়ি থাকলে সম্পদ বিবরণী বাধ্যতামূলক
প্রস্তাব: সম্পদের পরিমাণ যা-ই হোক না কেন, মোটরগাড়ি, ফ্ল্যাট কিংবা গৃহসম্পত্তি থাকলে বার্ষিক রিটার্নের সঙ্গে সম্পদ বাধ্যতামূলক করা হয়েছে
প্রভাব: বাড়ি-গাড়িওয়ালাদের সম্পদ ও আয়-বয়ের চিত্র পাওয়া যাবে।
বেসরকারি কর্মকর্তার ওপর নজর
প্রস্তাব: ব্যবসা বা পেশার নির্বাহী বা ব্যবস্থাপনা পদে নিয়োজিত বেতনভোগী কর্মীর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক।
প্রভাব: গত বাজেটে বেসরকারি খাতের ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এবার তাঁদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হলো। এতে বহু লোক করজালে আসবেন। আয়-ব্যয়ের হিসাব দিতেই হবে এবার।
তিন হাজার টাকা দিতেই হবে
প্রস্তাব: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন; অন্যান্য সিটি করপোরেশন এবং সিটি করপোরেশন এলাকার বাইরে ন্যূনতম কর যথাক্রমে ৫ হাজার টাকা, ৪ হাজার টাকা ও ৩ হাজার টাকা বহাল রাখা হয়েছে।
প্রভাব: আড়াই লাখ টাকার বেশি আয় হলেই আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা কর দিতে হবে।
মনে আছে? ডেডলাইন ৩০ নভেম্বর
প্রস্তাব: আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় ডেডলাইন ৩০ নভেম্বর। আইনের অংশ হওয়ায় এটি ভবিষ্যতে বহাল থাকছে।
প্রভাব: সময় তো বাড়বেই—এমন আশায় গুড়েবালি। প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।