কর আদায়ে হয়রানি বন্ধের দাবি খুচরা ব্যবসায়ীদের
দেশের খুচরা ব্যবসায়ীরা কর দিতে চান। কিন্তু তাঁদের অনেক কর কর্মকর্তাই হয়রানি করছেন। এমনকি মামলার ভয়ও দেখাচ্ছেন। কর আদায়ের নামে ব্যবসায়ীদের এভাবে হয়রানি করা যাবে না।
রাজধানীর ধানমন্ডির একটি কনভেনশন সেন্টারে গতকাল সোমবার কর অঞ্চল-৬ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিভিন্ন বিপণিবিতানের দোকান মালিকসহ খুচরা ব্যবসায়ীরা। কর কর্মকর্তাদের সঙ্গে ব্যবসায়ীদের এ সভায় কর কমিশনার মেফতাহ উদ্দিন খান সভাপতিত্ব করেন।
মেফতাহ উদ্দিন খান বলেন, কর আদায়ে যেসব হয়রানি করা হচ্ছে তা বন্ধ করা হবে। এ জন্য করদাতাদের প্রয়োজনে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার প্রস্তাব দেন তিনি। করের আওতা বাড়াতে নতুন করদাতা খুঁজছেন বলেও জানান তিনি।
সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের বলেন, হয়রানির ভয়ে ব্যবসায়ীরা মন খুলে কথা বলতে পারেন না। করের কথা শুনলেই আঁতকে ওঠেন দোকানিরা। কর পেতে হলে এসব হয়রানি বন্ধ করা প্রয়োজন। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের শৃঙ্খলার মধ্যে আনতে হবে।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান বলেন, ‘কর দিলেও তা আদায় করেন না কর্মকর্তারা। তাঁরা নানা কৌশল দেখিয়ে উপরি-আয় করতে চান। বাড়তি অর্থ আদায় বন্ধ না হলে করদাতারা কর দিতে নিরুৎসাহিত হবেন।’
সিটি করপোরেশন মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন বলেন, ঢাকার লক্ষাধিক দোকান মালিক এখনো করের আওতার বাইরে আছেন। তাঁদের করের আওতায় আনতে হবে।
এ ছাড়া সভায় কর অঞ্চল-৬-এর আওতাভুক্ত বিভিন্ন বিপণিবিতানের দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।