কর আদায় বাড়াতে হবে: অর্থমন্ত্রী
কর আদায়ের মাধ্যমে অভ্যন্তরীণ আয়ের খাত বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সচিবালয়ে গতকাল সোমবার এনবিআরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তাগিদ দেন। এনবিআর, অর্থ বিভাগ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কর আদায়ব্যবস্থা জোরদার করতে এনবিআরকে নির্দেশনা দিয়েছি।’ পদ্মা সেতুতে অর্থায়নের অংশ হিসেবে বিশ্বব্যাংকের দ্বিতীয় যে প্যানেলটি চলতি মাসে বাংলাদেশে আসার কথা ছিল, সে সম্পর্কে জানতে চাইলে মুহিত বলেন, ‘মাস তো শেষ হয়ে গেল। এটা অবশ্য বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের বিষয়।’ হজ থেকে ফেরার পর গত মাসে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত ক্রয় কমিটির এক বৈঠক শেষে অর্থমন্ত্রী ও সদ্য বিদায়ী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ দুজনই সাংবাদিকদের জানিয়েছিলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বব্যাংকের দ্বিতীয় দলটি আসতে পারে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পর্ষদে পরিচালক কবে নিয়োগ হবে—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সময় হলেই জানতে পারবেন।’ এক সপ্তাহ আগেও পরিচালক নিয়োগ বিষয়ে অর্থমন্ত্রী একই কথা বলেছিলেন।উল্লেখ্য, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে দুই থেকে আড়াই মাস ধরে পরিচালক পদ শূন্য রয়েছে।