কর আদায়ে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, কর আদায়ের ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে ও দেশকে এগিয়ে নিতে আমাদের কর দিতে হবে। আমরা কর আদায়বান্ধব পরিবেশ সৃষ্টি করতে চাই। নিজে কর দেওয়ার পাশাপাশি অন্যকেও এ ব্যাপারে উৎসাহিত করতে হবে। নগরের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারে গতকাল সোমবার টিআইএন প্রদান ও স্পট অ্যাসেসমেন্ট কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআরের সদস্য (কর প্রশাসন ও পরিচালনা) বশির উদ্দিন আহমেদ। কর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আখতারুজ্জামান, সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির। এতে আরও উপস্থিত ছিলেন কর কমিশনার সুলতান মাহমুদ ও হায়দার খান।এনবিআরের চেয়ারম্যান বলেন, ক্ষুদ্র করদাতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাঁদের সহজে কর প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যাতে তাঁরা সামান্য পরিমাণে হলেও কর দিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারেন।জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গতকাল চট্টগ্রামের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টারের পরে ধনিয়ালাপাড়া ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আরও দুটি কেন্দ্রে কর আদায় কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। এসব কেন্দ্রে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্পট অ্যাসেসমেন্টের মাধ্যমে কর আদায় কার্যক্রম চলবে।