যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ‘করের আওতা বাড়ানোর জন্য নতুন করদাতা শনাক্তকরণের লক্ষ্যে চলমান জরিপ কার্যক্রম’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য শম্ভুনাথ দাস ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, কর আদায়ের ক্ষেত্রে কোনো ভয়ভীতি দেখানো হবে না, কোনো কর্মকর্তা ব্যবসায়ীদের হয়রানি করবেন না বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। এ ছাড়া তিনি নওয়াপাড়ায় একটি কর অঞ্চল অফিস স্থাপনেরও আশ্বাস দেন।নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতি ও নওয়াপাড়া বাজার কমিটির যৌথ উদ্যোগে গত সোমবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী কামরুজ্জামান শাহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনার কর কমিশনার নুরুল আলম, রাজস্ব বোর্ডের প্রথম সচিব কবিরুল ইয়াজদানি, অতিরিক্ত কর কমিশনার প্রশান্ত কুমার রায়, নওয়াপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, পৌর মেয়র এনামুল হক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন প্রমুখ।