কর আদায়ের মন্থরতা ঘাটতি বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কর সংগ্রহের পরিমাণ ক্রমাগত বাড়লেও তা প্রয়োজনের তুলনায় মন্থর। এটি মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনা এবং রাজস্ব সংগ্রহের পার্থক্য বাড়িয়ে দিচ্ছে। এর ফলে বাজেট ঘাটতি বেড়ে যাচ্ছে। এই ঘাটতি মোকাবিলা করতে ও বৈদেশিক সাহায্য কমে যাওয়ার কারণে অভ্যন্তরীণ ঋণ গ্রহণের প্রবণতা বেড়ে যাচ্ছে।বাজেট ঘাটতির অর্থায়নে সরকার রাজস্ব সংগ্রহের চেয়ে অভ্যন্তরীণ ঋণের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। চলতি ২০১১-১২ অর্থবছরে জুলাই-অক্টোবর সময়কালে সরকার ব্যাংক থেকে ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। অথচ বর্তমান অর্থবছরে ব্যাংক থেকে মোট ঋণের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ১৮ হাজর ৯৫৭ কোটি টাকা। এসব তথ্য উল্লেখ করে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ বলেছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাজেট ঘাটতি মোকাবিলায় রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একটি দেশের অর্থনীতি যত শক্তিশালী, সে দেশের রাজস্ব সংগ্রহের পরিমাণও তত বেশি। অথচ বাংলাদেশের কর-ব্যবস্থা কাঠামোগতভাবে সাধারণ মানুষের বিপরীতে অবস্থান করে।গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, সরকার বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে থাকে, যার মধ্যে কৃষি এবং সামাজিক খাতে ভর্তুকি বেশি হওয়ার কথা। তবে বাস্তব চিত্র ভিন্ন। সামগ্রিকভাবে ভর্তুকির পরিমাণ বাড়লেও কৃষি ও সামাজিক খাতে এটি উল্লেখযোগ্য হারে কমে গেছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে সবচেয়ে বেশি রাজস্ব আসে মূল্য সংযোজন কর (মূসক) থেকে। ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশে মূসকের হার ছিল ১৫ শতাংশ, যেখানে ভারতে সাড়ে ১২, শ্রীলঙ্কায় ১২ ও যুক্তরাষ্ট্রে সোয়া ১০ শতাংশ। উন্নয়ন অন্বেষণের মতে, অত্যধিক হারে মূসক বৃদ্ধি গরিব মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। গরিবেরা যে পরিমাণ মূসক দেয়, তার তুলনায় ধনীদের মূসক দেওয়ার হার খুব কম। ফলে এটি স্পষ্ট, আয়কর-ব্যবস্থা দরিদ্রদের প্রতি বৈষম্যমূলক। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে ধনীরা সাধারণ জনগণের চেয়ে তুলনামূলক কম হারে কর দেয়। আবার ১৫ শতাংশ হারে মূসক দেওয়া সবার জন্য বাধ্যতামূলক। সুতরাং, বর্তমান কর-ব্যবস্থা গরিব মানুষের শুধু বোঝাই বাড়ায়, প্রকারান্তরে ধনীরা কর পরিহার এবং প্রকৃত পরিমাণে কর না দেওয়ার মাধ্যমে দেশের রাজস্ব খাতকে ধোঁকা দেয়।