কর কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

এ এফ নেসারউদ্দিন
এ এফ নেসারউদ্দিন

এ এফ নেসারউদ্দিন, একজন হিসাববিদ। হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির পার্টনার। বাজেট, বিশেষ করে কর-কাঠামোর বিষয়ে একজন বিশেষজ্ঞ। প্রথমআলোর সঙ্গে তিনি কথা বলেছেন বাজেটের রাজস্ব কার্যক্রম অংশের বিভিন্ন দিক নিয়ে। বলেছেন বাজেটের পরিবর্তনগুলো ও এর প্রভাবের কথা। কিছু পরামর্শও দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন শওকত হোসেন

প্রথম আলো: নতুন বাজেট কেমন হলো?

এ এফ নেসারউদ্দিন: এটা অনস্বীকার্য যে, বাংলাদেশের অর্থনীতিতে ইতিমধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অর্থনীতির পরিসর বেড়েছে, জাতীয় বাজেটের আকারও বৃদ্ধি পেয়েছে। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে সামগ্রিক অর্থনীতিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কর আদায় ব্যবস্থাপনাকে যত সহজ করা যায়, ততই তা অর্থনীতির জন্য ভালো। সে জন্য একটি ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। জোরাজুরি বা চাপাচাপি করে কর আদায় করলে তা অর্থনীতিতে একটি নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করে, যা ইতিমধ্যেই আমরা লক্ষ করেছি।

সে ক্ষেত্রে বাজেটকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে বাজেটের মাধ্যমে বিনিয়োগ ত্বরান্বিত করা। বিনিয়োগ হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে, মুনাফা বাড়বে, কর বাড়বে, সবকিছু বাড়বে। মানুষের নতুন কর্মসংস্থান তৈরি হবে, কর্মসংস্থান হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়বে। বাজেটের অন্য দিকটি হলো বিভিন্ন পরোক্ষ কর নির্ধারণ করে সেটাকে সাধারণ মানুষের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা।

প্রথম আলো:  এবারের বাজেটে কি তা হয়েছে?

নেসারউদ্দিন: অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতার প্রথম অংশে উল্লেখ করেছেন যে সাতটি মূল নীতি-কৌশলের ওপর এই বাজেট তৈরি হয়েছে। এর ৩ নম্বর কৌশলে ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। আর ৭ নম্বরে কর-ব্যবস্থাকে সহজীকরণের কথা বলা হয়েছে। এই দুই ক্ষেত্রেই প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ লক্ষ করা যায় না।

প্রথম আলো: অর্থমন্ত্রীর বক্তৃতার সঙ্গে কোথায় কোথায় মিলল না?

নেসারউদ্দিন: এবার অর্থবিলে ৮২ সি ধারায় যে নিয়মটি ছিল, সেটাকে আরও বেশি জটিল করা হয়েছে। ৮২ সি ধারায় আগে বলা ছিল, একটি পণ্য আমদানি করলে বা সেবা দিলে সেটির ওপর যে উৎসে কর সংগ্রহ করা হয়, সেটাই ফাইনাল ডিসচার্জ। এরপর আর ওই করদাতাকে কর দিতে হবে না। যেসব প্রতিষ্ঠান আমদানি করে পণ্য বিক্রি করে, তাদের এত দিন আমদানি পর্যায়ে যে কর দিত, সেটির পর আর কর দিতে হতো না। এখন সেটা আর নেই। এই বাজেটে প্রস্তাব করা হয়েছে যে উৎসে কর হবে সর্বনিম্ন কর। তবে কোনোÿক্ষেত্রে যদি নির্ধারিত কর তার চেয়ে বেশি হয়, করদাতাকে সেই অতিরিক্ত অঙ্ক (কর) দিতে হবে। এত দিন যে প্রণোদনাটি ব্যবসায়ীরা পেয়ে এসেছেন, সেটি আর থাকছে না। এটি বাজেটের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।

এবারের বাজেট অনুযায়ী, মূল্য সংযোজন করেরÿ ক্ষেত্রে কমিশনার বা ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হলে মোট কর দাবির ৫০ শতাংশ আগেই জমা দিতে হবে। আগে এটা ছিল ১০ শতাংশ। এই সিদ্ধান্ত কোনোভাবেই বাস্তবসম্মত এবং ব্যবসাবান্ধব নয়। বাড়াতে চাইলে এটি সর্বোচ্চ ১৫ শতাংশ করা যেত। কিন্তু এটা এক লাফে পাঁচ গুণ বাড়ানো যৌক্তিক বা বাস্তবসম্মত নয়।

প্রত্যক্ষ ও পরোক্ষ করের যে অনুপাত এখন আছে, সেটি আমাদের দেশে বলা হয় ৪০: ৬০ শতাংশ। প্রকৃতপক্ষে এই কর হার আরও অনেক বেশি। ফলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই প্রত্যক্ষ করের কথা বলা হলেও তা আদায় করা হচ্ছে পরোক্ষ কর হিসেবে। এর প্রভাব পড়ছে ভোক্তার ওপর।

আবার সঠিক এবং যৌক্তিক খরচের স্বেচ্ছাচারী অগ্রাহ্যকরণের (আরবিট্রারি ডিসঅ্যালাওয়েন্স) ফলেও কার্যকর কর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

প্রথম আলো: এটি ব্যাখ্যা করে যদি বলেন?

নেসারউদ্দিন: কোনো একটি নির্দিষ্ট খাতে ১০ কোটি টাকা খরচ হলে সাধারণত ওই খরচের ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত অনুমোদন দেওয়া হয় না। এটা কিসের ভিত্তিতে করা হলো, তার কোনো যৌক্তিক ভিত্তি বা ব্যাখ্যা দেওয়া হয় না। যেমন এলটিইউতে আগে বিষয়টি নিরীক্ষা করে নির্দিষ্ট জায়গায় অনিয়ম পাওয়া গেলে সেটার বিষয়ে আপত্তি তোলা হতো। এখন সুনির্দিষ্ট ভিত্তি ছাড়াই এভাবে যথার্থ ব্যবসায়িক খরচ অগ্রাহ্য করে দেওয়া হচ্ছে। এমনটি করায় একজন বিনিয়োগকারীর কর হার স্বাভাবিকের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) জন্য এই পরিস্থিতি মোটেই উৎসাহব্যঞ্জক নয়।

প্রথম আলো: কর-কাঠামোর সঙ্গে তাহলে বিদেশি বিনিয়োগের যোগসূত্র আছে?

নেসারউদ্দিন: বাংলাদেশে করপোরেট কর হার গড়ে ৩৫ শতাংশ। এর সঙ্গে নানা পরোক্ষ কর ও হয়রানি আছে। এই কর হার বাড়ানোর কোনো যুক্তি নেই। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে দেশে কর হার কম, বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবে সে দেশকেই বেছে নেন। বাংলাদেশ এ ক্ষেত্রে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশের তুলনায় পিছিয়ে আছে। এসব বিষয়ে নজর দেওয়া উচিত। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের নীতি-কৌশলগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়। বিদেশি বিনিয়োগকারীরা ১০-১৫ বছরের পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করে, আর আমাদের পরিকল্পনাগুলো ১ থেকে ২ বছরের চিন্তা করে তৈরি করা হয়। এই কৌশলগুলো দীর্ঘমেয়াদি করা উচিত।

প্রথম আলো: আপনি তো হিসাববিদ। দেশি বা বিদেশি উদ্যোক্তারা তো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের কাছে কর-কাঠামো বুঝতে আসে। এ ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কী?

নেসারউদ্দিন: বিদেশি বিনিয়োগকারীরা যখন এ দেশে বিনিয়োগ করে, তখন তারা কত কর দিতে হবে, সেটি জেনেশুনেই আসে এবং সে হারেই তারা কর দেয়। এ ক্ষেত্রে সমস্যা হলো, যখন কর দিতে যায়, তখন নানা রকম সমস্যা ও হয়রানির সম্মুখীন হতে হয়। যেমন একবার বলা হয়েছিল, যত কর বিবরণী জমা হবে, সেগুলোর মধ্যে দৈবচয়ন ভিত্তিতে কিছু ফাইল পুনরায় নিরীক্ষা করা হবে। কিন্তু এখন সেটা হচ্ছে না। বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) যত বিবরণী জমা হচ্ছে, প্রায় সবই নিরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছে। নিরীক্ষার জন্য পছন্দমতো তালিকা তৈরি করা হয়। নিরীক্ষায় যেসব নথি পাঠানো হচ্ছে, সেগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় যাচ্ছে না। এতে যাঁরা প্রকৃত করদাতা আছেন, তাঁরা বারবার নিরীক্ষা ও হয়রানির মধ্যে পড়ছেন। ঝামেলা এড়ানোর জন্য কেউ সমঝোতা করছেন, কেউ-বা লড়াই চালিয়ে যাচ্ছেন। এতে দুর্নীতি আরও বাড়ছে। একই প্রক্রিয়া অন্য কর সার্কেলগুলোতেও বিদ্যমান।

প্রথম আলো: হয়রানির অভিযোগও তো আছে?

নেসারউদ্দিন: কর কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আগে এ ক্ষেত্রে একটা ক্ষমতার ভারসাম্য (চেক অ্যান্ড ব্যালান্স) ছিল। ডেপুটি কমিশনার কর নিরীক্ষা করে ওপরের যুগ্ম কমিশনারকে পাঠিয়ে দিচ্ছেন, এরপর সেটি কোনো কোনো সময় কর কমিশনারের কাছে যাচ্ছে। এভাবে কর নির্ধারণী প্রক্রিয়া সম্পন্নের জন্য প্রতিটি ধাপে এখন পয়সা খরচ করতে হচ্ছে। আইনে না থাকলেও এভাবে প্রতিটি ধাপে অন্তর্ভুক্ত করে করদাতার হয়রানি বাড়ানো হচ্ছে।

প্রথম আলো: কিন্তু রাজস্ব আয় তো বাড়াতে হবে?

নেসারউদ্দিন: আমাদের মাথাপিছু আয় বাড়লেও সেই হারে করদাতার সংখ্যা বাড়েনি। দেশে যত কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন, তার মধ্যে আনুমানিক ৪০ শতাংশ আয়কর রিটার্ন জমা দেন। বাকি ৬০ শতাংশের মধ্যে সঠিক করদাতারা যাতে কর দেন, সেটি নিশ্চিত করতে হবে। যেসব ব্যবসায়ী কর ফাঁকি দিচ্ছেন, তাঁদের অনলাইনের মাধ্যমে কর জালের আওতায় আনতে হবে। এই কাজগুলো করা খুব কঠিন নয়। তবে কত লোক কর দেওয়ার সামর্থ্য রাখেন, সেটি বের করতে নিয়মিত সমীক্ষা করতে হবে। কারা কর দেওয়ার যোগ্য, এনবিআরের এ ধরনের কোনো সমীক্ষা আছে বলে আমাদের জানা নেই। এসব কাজ করতে এনবিআরের যদি জনবল ও সামর্থ্য না থাকে, তাহলে প্রয়োজনে আউটসোর্সিং করা যেতে পারে। কর বিভাগের সংস্কারের জন্য যদি শত শত কোটি টাকা খরচ করা হয়, তাহলে কর দেওয়ার যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে কেন কয়েক কোটি টাকা খরচ করা যাবে না? এই সমীক্ষা কেন করা হয় না, সেটি এনবিআরই ভালো বলতে পারবে।

মফস্বল বা আধা শহর এলাকায় ব্যবসা-বাণিজ্য আগের চেয়ে অনেক বেড়েছে। এসব জায়গা থেকে কর আদায়ে নজর দেওয়া যেতে পারে। যোগাযোগ বর্তমানে খুব গতিশীল একটি খাত। অথচ বিশাল এই খাত থেকে সামান্য কিছু কর আসছে। রুট পারমিট ধরে উন্নত প্রযুক্তির সহযোগিতায় সঠিক আয় নির্ধারণ করে যদি কর আদায়ের ব্যবস্থা করা হয়, তাহলে এ খাত থেকে কর অনেক বাড়তে পারে।

প্রথম আলো: এবারের অর্থবিলের কোন কোন জায়গায় সংশোধনের প্রয়োজন আছে বলে মনে করেন?

নেসারউদ্দিন: কর আদায় ব্যবস্থাপনায় বেশ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। কর নির্ধারণ-প্রক্রিয়ায় কর্মকর্তাদের ক্ষমতার প্রয়োগে একটা ভারসাম্য আনা উচিত। খরচের অযৌক্তিক ও স্বেচ্ছাচারী অগ্রাহ্যকরণ এবং ভিত্তিহীন আয় প্রাক্কলন বন্ধ করা দরকার। করদাতা যাতে কম হয়রানির শিকার হন, সেটি নিশ্চিত করতে হবে। করদাতা ও কর বিভাগের মধ্যে পারস্পরিক আস্থা রাখতে হবে। কার্যকর কর হার যাতে সহনশীল পর্যায়ের বাইরে চলে না যায়, সেদিকে দৃষ্টি দিতে হবে। তবে নির্দিষ্ট কর ফাঁকির প্রমাণ পাওয়া গেলে সে ক্ষেত্রে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যা বর্তমান আইনে বিদ্যমান।