কর কার্ড দিলেন অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করদাতা ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর কার্ড দেওয়া হয়েছে। ব্যক্তিশ্রেণীর ১০ জন করদাতা ও ১০টি প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো এই বিশেষ সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০০৯-১০ করবর্ষের কর প্রদানের হিসাব অনুযায়ী এই সম্মাননা পেয়েছেন তাঁরা। গতকাল সোমবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ, এনবিআরের সদস্য এম এ কাদের সরকার ও বশিরউদ্দিন আহমেদ। সম্মাননাপ্রাপ্ত করদাতা ও প্রতিষ্ঠানের মধ্যে রংপুর কর অঞ্চলের মোতাজ্জেরুল ইসলাম ও শেভরন বাংলাদেশের পরিচালক ইসমাইল হোসেন চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে কর কার্ডপ্রাপ্ত ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে বিশেষ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।কর কার্ডপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন। যেকোনো বিমান, রেলপথ ও নৌপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। আর বিমানবন্দর ব্যবহারে অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) মর্যাদা পাবেন। এ ছাড়া কর কার্ডধারীর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তান ও তিনি নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধাপ্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বর্তমানে কর-রাজস্ব অনুপাত ১১/১২ শতাংশের মতো। অন্য দেশে এই অনুপাত ২০ শতাংশ। বাংলাদেশকে অনেক পথ যেতে হবে।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘২৭ বছর আগে যখন মন্ত্রী ছিলাম, তখন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ১০ শতাংশ আসত আয়কর খাত থেকে। এখন সেটা ৩০ শতাংশে উন্নীত হয়েছে। অনেক দেশে প্রত্যক্ষ করই রাজস্ব আয়ের প্রধান উৎস। দেশে যখন শিল্প খাতের উন্নতি হবে, তখন পরোক্ষ করের অবদান কমতে শুরু করবে। প্রত্যক্ষ করের ওপর নির্ভরশীল হবে রাজস্ব আদায়।’ কর কার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, এটি এনবিআরের প্রশংসনীয় উদ্যোগ।এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতির আয়তন বিবেচনা করে বিশ্লেষকদের মতে এ দেশে ৬০ লাখ করদাতা থাকা উচিত। কিন্তু রয়েছে মাত্র ১১ লাখ ৩০ হাজারের মতো করদাতা। কর কার্ডের পরিবর্তে কর ট্রফি প্রদানের প্রস্তাবটি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া ভবিষ্যতে খাতওয়ারি কর কার্ড দেওয়া হতে পারে।ব্যক্তি পর্যায়ে সম্মাননা: ব্যক্তিশ্রেণীর করদাতাদের মধ্যে যাঁরা সম্মাননা পেলেন, তাঁরা হলেন রংপুর কর অঞ্চলের মোতাজ্জেরুল ইসলাম, ঢাকা কর অঞ্চল-১০-এর ইকবাল হায়দার চৌধুরী, কর অঞ্চল-২-এর কাউছ মিয়া ও মোতাহার হোসেন, কর অঞ্চল-৮-এর এম এম আমজাদ হোসেন, মোহাম্মদ ইউসুফ, এ এ হায়দার হোসেন ও লায়লা হোসেন, চট্টগ্রামের কর অঞ্চল-১-এর এ এম জিয়াউদ্দিন ইসলাম ও সালাউদ্দিন কাশেম খান। প্রতিষ্ঠানসমূহ: কর কার্ড পাওয়া প্রতিষ্ঠানসমূহ হলো: শেভরন বাংলাদেশ, সিলেট গ্যাসফিল্ড লিমিটেড, সিটি ব্যাংক এনএ, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, ট্রাস্ট ব্যাংক, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), যমুনা ব্যাংক, এ কে খান অ্যান্ড কোম্পানি এবং বাপেক্স বাংলাদেশ।