কর ক্যালকুলেটরে স্বয়ংক্রিয়ভাবে কর নিরূপণ করা যাচ্ছে
স্বয়ংক্রিয় কর ক্যালকুলেটরের মাধ্যমে করদাতা নিজে আয়করের পরিমাণ নিরূপণ করতে পারছেন এখন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে (www.nbr-bd.org) এই ক্যালকুলেটর সন্নিবেশিত আছে।তবে হাতে-কলমে বিষয়টি দেখানো হচ্ছে আয়কর মেলায়। করদাতাদের সুবিধার্থে রাজধানীর কর মেলায় এ জন্য বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। দর্শনার্থী করদাতাদের অনেকেই এসব বুথে নিজেদের কর নিরূপণ করছেন। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই কর মেলা চলছে।কর মেলায় আসা দর্শনার্থীদের কর ক্যালকুলেটরে আয়কর নিরূপণে বেশ আগ্রহ দেখা গেছে। অনেকেই বার্ষিক আয়কর বিবরণী প্রস্তুত করতে কর ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছেন। কর ক্যালকুলেটরের মাধ্যমে করদাতা নিজের মোট আয় নির্দিষ্ট ঘরে বসিয়ে দিলে তাঁর করযোগ্য আয়করের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে। তবে কর ক্যালকুলেটর ব্যবহার করার আগে করদাতাকে নিবন্ধন করতে হবে। ব্যবহার বিধি: কর ক্যালকুলেটরের ছকে আয়ের ১১টি খাত রয়েছে। এসব আয়ের খাত হলো: বেতন, সিকিউরিটিজের সুদ, বাড়িভাড়া, ব্যবসায়, কৃষি, ব্যবসায়ী-উদ্যোক্তাদের লভ্যাংশ, স্ত্রী ও সন্তানের আয়, মূলধনি মুনাফা ও অন্যান্য খাতের আয়। তবে এসব উপখাতের মধ্যে বেতন ও বাড়িভাড়ার আয়ের বিস্তারিত উল্লেখ করতে হবে। আবার এসব আয়ের কোনো অংশ বিনিয়োগ করা হলে তাও বিস্তারিত থাকতে হবে। প্রতিটি খাতে বার্ষিক আয়ের পরিমাণ লিখলেই স্বয়ংক্রিয়ভাবে করযোগ্য আয় ও আয়করের পরিমাণ উঠে আসবে। এসব আয়ের মধ্যে কোনো কর রেয়াত থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। আর কর ক্যালকুলেটরে যেকোনো আয়ের পরিমাণ করবর্ষ অর্থাৎ ১২ মাসের মোট আয় লিখতে হবে। কর ক্যালকুলেটর ব্যবহার করতে টিআইএনে থাকা নম্বর, নাম, জন্ম তারিখসহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়। কর ক্যালকুলেটরের মাধ্যমে কর নিরূপণ করলে তা প্রিন্ট নিয়ে আয়কর বিবরণীর সঙ্গে জমা দিতে হবে।